মৌলভীবাজারে দেড় লাখ টাকা যৌতুকের দাবিতে বর না আসায় ভেঙে গেল বিয়ে

প্রকাশিত:Saturday, 21 Nov 2026 07:11

মৌলভীবাজারে দেড় লাখ টাকা যৌতুকের দাবিতে বর না আসায় ভেঙে গেল বিয়ে

Manual6 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় যৌতুকের আরও দেড় লাখ টাকা দাবি পূরণ না করায় নির্ধারিত দিনে বিয়ের আসরে বর উপস্থিত হননি বলে অভিযোগ উঠেছে। এতে চরম বিব্রতকর, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও শোকাবহ পরিস্থিতিতে পড়েছে কনের পরিবার। কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাউয়ারগলা (পূবজালালপুর) এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ২০ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর বিয়ের দিনক্ষণ ঠিক ছিল। কনের বাড়িতে আলোকসজ্জা, গেট নির্মাণ, হাতে মেহেদি পরানো এবং অতিথি আপ্যায়নের জন্য ডেকভর্তি খাবার রান্নাসহ সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। দাওয়াতি অতিথিরা কনের বাড়িতে উপস্থিত হলেও নির্ধারিত সময়ে বর আব্বাশ আলী ও বরযাত্রীদের দেখা মেলেনি। সাজানো বিয়ের বাড়ি, রান্না করা খাবার আর মেহেদি রাঙা হাত নিয়ে অপেক্ষায় থাকা কনে ও স্বজনদের কান্নায় মুহূর্তেই ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
কনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের আয়োজন ও যৌতুকের চাহিদা মেটাতে পরিবারটি জায়গা বন্ধক এবং গরু বিক্রি করে বরপক্ষকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা দিয়েছিল। সব মিলিয়ে বিয়ের পেছনে পরিবারটির প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। কনের মায়ের অভিযোগ, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর বিয়ের আগের রাতে আরও দেড় লাখ টাকা যৌতুক দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে না পারায় বরপক্ষ বিয়ের আসরে না এসে সটকে পড়ে।
অন্যদিকে বরপক্ষের দাবি, বর আব্বাশ আলীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ রয়েছে। বরপক্ষের ভাই ইয়াসিনের ভাষ্য অনুযায়ী, আব্বাশ আলী অসুস্থ থাকায় বিয়েতে উপস্থিত হতে পারেননি।
এদিকে এই ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ন্যায়বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছে অসহায় পরিবারটি। যৌতুক দাবি করা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ হলেও একটি অসহায় পরিবারের সম্মান, শ্রম ও শেষ সম্বলটুকু এভাবে বিপর্যস্ত করার ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। সচেতন মহল ও স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ