|
প্রকাশিত:Saturday, 21 Nov 2026 04:11
প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেবে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে নামকরণ ও উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, ‘নতুন করে ভাবার সময় এসেছে। যে সংবিধান সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে, ইনশাআল্লাহ।’
সাবেক ক্ষমতাসীন দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দু-এক জায়গায় পেট্রলবোমা মেরে ও থানা পুড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা করেছে। শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের আত্মত্যাগ বিসর্জন দিয়ে নতুন করে কিছু করার চেষ্টা করে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মীর শাহে আলম আরও বলেন, সারা দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা ও গুমের মাধ্যমে দলটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। একটি নির্দিষ্ট জেলায় একই ধরনের ঘটনা ঘটিয়ে তারা আন্তর্জাতিকভাবেও সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি। বিগত অন্তর্বর্তী সরকার দলটিকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সঠিক ও যৌক্তিক ছিল বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
সারা দেশে অগ্নিসন্ত্রাসের অভিযোগ নাকচ করে মীর শাহে আলম দাবি করেন, দেশের একটি নির্দিষ্ট জেলায় অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটছে। সারা দেশে অগ্নিসন্ত্রাসের যেসব ভিডিও ছড়ানো হচ্ছে, সেগুলো সঠিক নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার মানবিক ও ধৈর্যশীল হলেও ধৈর্যের বাঁধ ভেঙে গেলে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে।
বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণ ও দেশের স্বাধীনতার পক্ষে কাজ করে যাবে।
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূলের নেতারা অংশ নিতে পারবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন আইন ইতিমধ্যে সংশোধন করা হয়েছে। এখন থেকে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে ‘ধানের শীষ’ বা অন্য কোনো জাতীয় প্রতীক থাকবে না। দলীয়ভাবে সরাসরি মনোনয়ন দেওয়ারও সুযোগ নেই। ব্যানার বা পোস্টারে কেউ কোনো দলের প্রার্থী হিসেবে পরিচয় দিতে পারবেন না; সবাইকে ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে হবে।
তবে এ ক্ষেত্রে বিএনপির দলীয় অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, উপজেলা বিএনপি স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে রেজল্যুশনের মাধ্যমে কোনো প্রার্থীকে সমর্থন দেবে। কেউ সেই সিদ্ধান্ত অমান্য করলে উপজেলা ও জেলা বিএনপির সুপারিশের ভিত্তিতে কেন্দ্র থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, উদ্বোধন করা শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারের জন্য ইতিমধ্যে ৫৪ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়া রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বৃহত্তর রংপুর অঞ্চলের উন্নয়নে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। শুধু রংপুর জেলার উন্নয়নের জন্য সাড়ে ৫০০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার জন্য আলাদা উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে।
রংপুর অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে দ্বিতীয় পদ্মা সেতুর পাশাপাশি দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) নির্দেশ প্রধানমন্ত্রী ইতিমধ্যে সেতু মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষকে দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766