যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে আলোকিত হলো দিরাই’র জগদল গ্রাম

প্রকাশিত:Friday, 20 Nov 2026 02:11

যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে আলোকিত হলো দিরাই’র জগদল গ্রাম

Manual2 Ad Code

হেলাল আহমেদ, জগদল থেকে ফিরে।

Manual7 Ad Code

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামকে আলোকিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী জগদল গ্রামের বাসিন্দারা। নিজেদের অর্থায়নে গ্রামের প্রধান সড়কের পাশে ৩৪টি স্ট্রিট লাইট এবং জগদল জাতীয় কবরস্থানে দুটি লাইট স্থাপন করেছেন তাঁরা। প্রবাসীদের এমন উদ্যোগে সন্ধ্যার পর অন্ধকারে থাকা গ্রামের সড়কগুলো এখন আলোকিত হবে। উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসী।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা গ্রামের মুরব্বি ও যুবসমাজের উপস্থিতিতে এসব স্ট্রিট লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জগদল জাতীয় জামে মসজিদের ইমামের দোয়ার মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জগদল গ্রামের সীতাহরণ থেকে জগদল বাজার পর্যন্ত দীর্ঘ সড়কটি সন্ধ্যার পর অন্ধকারে ডুবে থাকত। অথচ এ সড়কের আশপাশে রয়েছে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, সাবরেজিস্ট্রি অফিস, বাজার ও জগদল ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। এসব গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের সুবিধা এবং জননিরাপত্তার কথা বিবেচনা করে যুক্তরাজ্যে বসবাসরত জগদল গ্রামের প্রবাসীরা সম্মিলিতভাবে স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ নেন।
যুক্তরাজ্যপ্রবাসী আফজাল হোসেন বলেন, ‘আমাদের গ্রামটি অনেক বড়। সীতাহরণ থেকে জগদল বাজারে যেতে অনেকটা পথ পাড়ি দিতে হয়। জগদল যোগাযোগের দিক থেকে অনেকটা বিচ্ছিন্ন জনপদ। অথচ বাজার, ইউনিয়ন কমপ্লেক্স, সাবরেজিস্ট্রি অফিস ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে রয়েছে। সন্ধ্যার পর পুরো সড়ক অন্ধকারে ডুবে থাকে। মানুষের চলাচলের সুবিধার কথা চিন্তা করে আমরা লন্ডনপ্রবাসী জগদলীয়ানরা নিজেদের অর্থায়নে স্ট্রিট লাইট স্থাপনের পরিকল্পনা করি। সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে।’
গ্রামের প্রবীণ মুরব্বি মাস্টার আব্দুস সোবহান বলেন, ‘আমাদের গ্রামের জন্য এটি একটি মহতী উদ্যোগ। প্রবাসীদের এমন উদ্যোগে আমরা অত্যন্ত খুশি। গ্রামের মানুষের উপকারে আসবে এমন কাজ সত্যিই প্রশংসনীয়।’
গ্রামের যুবক ও সাহিত্যিক আফজাল হোসেন বলেন, ‘যুক্তরাজ্যে বসবাসরত জগদলীয়ানদের উদ্যোগে গ্রামের প্রধান সড়কে সোডিয়াম লাইট স্থাপন করা হয়েছে। এটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ। আমাদের গ্রামের অনেক যুবক ইতালি, ফ্রান্স ও মধ্যপ্রাচ্যে বসবাস করেন। ভবিষ্যতে সবাই মিলে গ্রামের উন্নয়নে আরও ভালো ও বড় উদ্যোগ নেবেন বলে প্রত্যাশা করি।’
যুক্তরাজ্যপ্রবাসী মিজানুর রহমান বলেন, ‘যুক্তরাজ্যে বসবাসরত জগদলীয়ানরা সম্মিলিতভাবে গ্রামের প্রধান সড়কে সোডিয়াম লাইট স্থাপন করেছেন। আগামীতে ইতালি, ফ্রান্স ও মধ্যপ্রাচ্যে বসবাসরত জগদলীয়ানদেরও সঙ্গে নিয়ে গ্রামের উন্নয়নে আরও বড় কিছু করার চেষ্টা করব।’
তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য যুক্তরাজ্যপ্রবাসী আফজাল হোসেন, আবুল আহমেদ, মুস্তাক মিয়া, হাবিবুর রহমান, শিহাবুর রহমানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রবাসীদের এই উদ্যোগে গ্রামবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতেও জগদল গ্রামের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে আরও ইতিবাচক উদ্যোগ বাস্তবায়িত হবে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ