|
প্রকাশিত:Friday, 20 Nov 2026 09:11
সুরমাভিউ:- পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবিরের বাসভবনে আজ ভোরে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. মো. শাকিলুর রহমান।
এক বিবৃতিতে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, সহিংসতা এবং নিরীহ মানুষের ওপর হামলার মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ ভোরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, নিন্দনীয় এবং দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
তিনি আরও বলেন, জঙ্গি কায়দায় সহিংসতা, নিরীহ মানুষের প্রাণহানি, অগ্নিসংযোগ ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যায় না। এ ধরনের কর্মকাণ্ড সভ্য সমাজ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী। রাজনৈতিক মতপার্থক্য কখনোই সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে প্রকাশের সুযোগ নেই।
ডা. শাকিলুর রহমান বলেন, দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। হুমায়ুন কবিরের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করতে হবে এবং তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের কোথাও যেন এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের প্রতি তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে দেশের সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766