নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে রোগীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। টাকা ছাড়া চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না এমন অভিযোগের মধ্যেই এক রোগীর কাছ থেকে ৩ হাজার টাকা নেওয়ার ঘটনা সামনে এসেছে।
অভিযোগ অনুযায়ী, সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের তোফায়েল ইসলাম তার স্ত্রীকে নিয়ে রবিবার দুপুরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আসেন। কর্তব্যরত ডাক্তার তার স্ত্রীর পেটের সন্তান মারা গেছে বলে জানান। জরুরি ভিত্তিতে ডিএনসি করা প্রয়োজন। হাসপাতালের গাইনী ওয়ার্ডের নার্স সেলিনা বেগম ও আয়া জুবেদা ডিএনসি করানোর কথা বলে তাদের সহযোগী বাসন্তীর মাধ্যমে রোগীর স্বামী তোফায়েল ইসলামের কাছ থেকে ৩ হাজার টাকা নেন।
এ বিষয়ে তোফায়েল ইসলাম বলেন, আমি আমার স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য সদর হাসপাতালে নিয়ে আসি। সিরিয়ালের জন্য দাঁড়াই, তখন ভিতরে একজনের সাথে আমার পরিচয় হয় উনার মাধ্যমে দ্রুত ডাক্তার দেখানো সম্ভব হয়। ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফী রিপোর্ট নিয়ে আসতে বলেন বাইরে বিছমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার থেকে রিপোর্ট নিয়ে আসলে রিপোর্ট দেখে ডাক্তার জানান, আমার স্ত্রী’র পেটে বাচ্ছা মারা গেছে। তাই ডিএনসি ওয়াশ করতে হবে, তখন নার্স সেলিনা বেগম ও আয়া বাসন্তী আমাকে ঔষধ পত্র বাইরে থেকে আনতে হবে বলে জানান। না হয় ৪ হাজার টাকা দিতে হবে বলে দাবি করেন। আমি রাজি না হলে পরে ৩ হাজার টাকা দিতে বলেন পরে আমি তাদের সহযোগী বাসন্তী নামে এক মহিলার কাছে টাকা দেই।
এ সময় হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট দালাল হিসেবে অভিযুক্ত বাসন্তী রানী বিষয়টি স্বীকার করে বলেন, আয়া জুবেদা আমাকে আসতে বলেছে। রোগীর কাছ থেকে নেওয়া ওই টাকা আমি হাসপাতালের ওটি সিস্টার সেলিনার কাছে দিয়েছি আমি আর কিছু জানি না।
অভিযোগের বিষয়ে নার্স সেলিনা বেগম বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কোনো টাকা নেইনি। রোগীর স্বামী আমাকে জিজ্ঞেস করেছিলো, কোনো টাকা পয়সা লাগবে কি না, আমি না করেছি।
অভিযুক্ত আয়া জুবেদার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রণয় কান্তি দাসের বক্তব্য চাইলে তিনি জানান, এখন আর বক্তব্য দিচ্ছি না পরে বক্তব্য দেবো, বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।