প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে পাঁচ দফা দাবীতে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন

প্রকাশিত:সোমবার, ১৫ জুন ২০২৬ ০৮:০৬

প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে পাঁচ দফা দাবীতে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন

Manual2 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  আগামী ১৭ জুন মৌলভীবাজারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমনকে স্বাগত জানিয়ে  সরকারি মেডিকেল কলেজ স্থাপনসহ পাঁচ দফা দাবিতে জেলার সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি বিআইএস মৌলভীবাজার এর উদ্যোগে সোমবার (১৫ জুন) বেলা ১টায় মৌলভীবাজার সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার অফিসে  এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।
লিখিত বক্তব্যে এম মুহিবুর রহমান মুহিব বলেন, মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে ২০১৭ সাল থেকে সংগঠনটি দেশে প্রবাসে গোলটেবিল বৈঠক, সেমিনার, আলোচনা সভা, স্মারকলিপি প্রদান, গণস্বাক্ষর কর্মসূচি, মানববন্ধনসহ  বিভিন্নকর্মসূচি চালিয়ে আসছে।
মৌলভীবাজার একটি  অর্থনৈতিক সমৃদ্ধ এলাকা। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই জেলার বনজ খনিজ সম্পদ , পর্যটন , চা  ও আগর শিল্প ।এই জেলার অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা প্রাইভেট মেডিকেলে টাকার অভাবে পড়তে পারে না। সরকারি বিশ্ববিদ্যালয় না থাকায় প্রতি বছর উচ্চ মাধ্যমিক পাশ করেও উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে না বিপুল সংখ্যক শিক্ষার্থী।  ৭টি উপজেলার প্রায় ২৫ লক্ষ মানুষের জন্য নেই কোনো মেডিকেল কলেজ। অনেক মুর্মূষু রোগীকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া সম্ভব হয় না যে কারণে অনেক মুর্মষুুরোগী সিলেট অথবা ঢাকা নেয়ার পথেই মৃত্যুমুখে পতিত হন। সার্বিক অবস্থা বিবেচনায় মৌলভীবাজারে দ্রুত মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রক্রিয়া অনতিবিলম্বে শুরু করার জন্য আমরা সবিনয় নিবেদন করছি।
বাংলাদেশের ভূপ্রকৃতি ও অর্থনীতিতে হাওরাঞ্চলের অবদান বিশেষ তাৎপর্যপূর্ণ।  এ জেলার ছোট-বড় ৩০টি হাওর রক্ষায়  কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
 বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের অগ্রগতির জন্য সিলেট বিভাগের পর্যটন শিল্পের বিকাশ, বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে আগতদের যাতাযাতের সুবিধার্থে  দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত শমশেরনগর বিমান বন্দরটি চালু করে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সরাসরি ফ্লাইট চালুর জোর দাবি জানাচ্ছি।
যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা  থেকে মুক্ত করতে  ঢাকা সিলেট রেলপথের ডাবল লাইন নির্মাণ এবং জেলা সদরের যানজট নিরসনে বাইপাস সড়ক জরুরী হয়ে পড়েছে।
সাংবাদিক সম্মেলনে উত্থাপিত পাঁচ দফা হচ্ছে (১) মৌলভীবাজারে সরকারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। (২) জেলার ছোট বড় হাওর গুলোর সুরক্ষা। (৩) শমশেরনগর বিমানবন্দর চালু।  (৪) পাবলিক ও কৃষি  বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। (৫) মৌলভীবাজার বাইপাস সড়ক নির্মাণ, ঢাকা সিলেট  রেলের ডাবল লাইন নির্মান  ও রেলের সেবা বৃদ্ধি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠন এর পৃষ্ঠপোষক নুরুল ইসলাম মাহবুব, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ, মৌলভীবাজার এর সভাপতি খালেদ চৌধুরী।
উপস্থিত ছিলেন বিআইএস এর আজীবন সদস্য দেলওয়ার হোসেন, কার্যকরী পরিষদের রেদয়ান আহমদ ছামী।
উল্লেখ্য আগামী ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলা সদরে পৃথক দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ