সুরমাভিউ:- সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রখ্যাত আলেম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ শনিবার এক শোকবার্তায় মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট অঞ্চলের মানুষের এক পরম শ্রদ্ধেয় অভিভাবক। শিক্ষা বিস্তার, দ্বীনি দাওয়াত ও সমাজসেবায় তাঁর অনন্য অবদান এ অঞ্চলের মানুষ দীর্ঘকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ জননেতা এবং প্রাজ্ঞ আলেমকে হারালাম, যা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মকামে স্থান দান করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।