২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১৫ জুন ২০২৬ ০৮:০৬
সুরমাভিউ:- “নদীর জন্য মানুষ, মানুষের জন্য নদী” প্রতিপাদ্যকে সামনে রেখে “নদী মেলা ২০২৬”– অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫জুন) সিলেট বিমানবন্দর এলাকার গ্রান্ড সিলেটের হলরুমে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এ দেশের মানুষের জীবন-জীবিকা, অর্থনীতি, কৃষি ও সংস্কৃতি নদীকেন্দ্রিক। কিন্তু জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, নাব্যতা সংকট, দূষণ ও অবৈধ দখলের কারণে দেশের নদীগুলো বর্তমানে নানা হুমকির মুখে রয়েছে।
তিনি বলেন, “নদী রক্ষায় সরকার ইতোমধ্যে পুনঃখনন, তীর সংরক্ষণ, পানি প্রবাহ নিশ্চিতকরণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। নদী সংরক্ষণে স্থানীয় জনগণ, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য।”
প্রতিমন্ত্রী বলেন, “নদী মেলা ২০২৬ নদী বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিএনআরএস-এর প্রোগ্রাম ম্যানেজার নাদিম হোসেন আদর। তিনি বলেন, “এই মেলা শুধু একটি উৎসব নয়; এটি জ্ঞান বিনিময়, সংলাপ এবং সম্মিলিত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেরোনিকা বারকো জোরামস, প্রজেক্ট ডেভেলপমেন্ট লিড, অক্সফাম নেদারল্যান্ডস; পেত্রিকেলা ইয়োহানা ফ্রান্সিস্কা মারিয়া, পলিসি লিড (ক্লাইমেট রেজিলিয়েন্স), অক্সফাম নেদারল্যান্ডস; রাজন সুবেদি, প্রোগ্রাম ম্যানেজার, অক্সফাম নেপাল; ড. মো. সিবলী সাদিক, সিনিয়র পলিসি অ্যাডভাইজার (ওয়াটার), নেদারল্যান্ডস দূতাবাস, ঢাকা; সংঘা শ্রেষ্ঠা, রিসার্চ অ্যাডভাইজার, অক্সফাম নেপাল এবং এনামুল মজিদ খান সিদ্দিকী, প্রোগ্রাম ম্যানেজার, অক্সফাম ইন্টারন্যাশনাল-এশিয়া।
এছাড়াও নেদারল্যান্ডস দূতাবাস, অক্সফাম, টিআরওএসএ প্রোগ্রাম, সরকারি বিভিন্ন দপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী এবং নদীনির্ভর জনগোষ্ঠীর প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা নদী সংরক্ষণে জনসম্পৃক্ত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। নদী, প্রকৃতি ও মানুষের পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক তুলে ধরা এবং নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলনকে শক্তিশালী করাই এ মেলার মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, “দ্যা পিপলস রিভারস্কেপ” প্রকল্পের আওতায় পিয়াইন, সারি ও ধলাই নদীর অববাহিকায় অংশগ্রহণমূলক নদী ব্যবস্থাপনা কার্যক্র পরিচালিত হচ্ছে।স্থানীয় জনগণের অভিজ্ঞতা এবং বৈজ্ঞানিক তথ্যের সমন্বয়ে টেকসই নদী ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
Helpline - +88 01719305766