৯ জুন মঙ্গলবার মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজা আহমদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ধারা ১২ লঙ্ঘনের দায়ে শমসেরনগর রোডের রাজু আহমেদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় অবস্থিত পারটেক্স কেবলস লিমিটেডের প্রতিনিধি মতিউর রহমানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ধারা ৪১ অনুযায়ী ১৫ হাজার টাকা এবং মাতৃছায়া ইলেকট্রিকের স্বত্বাধিকারী মো. সুলেমান মিয়াকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮-এর ধারা ২৭ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের মূল উদ্দেশ্য ছিল বাজারে বিক্রিত ইলেক্ট্রিক্যাল ক্যাবলসের মান, বিএসটিআই অনুমোদন এবং প্রয়োজনীয় লাইসেন্সের বৈধতা যাচাই করা। অভিযানে বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।