উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল কার্নিভালে অংশগ্রহণকারী হলদে পাখিদের বিভিন্ন ঝাঁক পরিদর্শন করেন এবং তাদের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি অংশগ্রহণকারী হলদে পাখিদের ব্যাজ পরিয়ে উৎসাহ প্রদান করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রতীকী বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ, গাইডার, অভিভাবক এবং বিপুলসংখ্যক হলদে পাখি অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজনে উৎসবমুখর পরিবেশে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও পরিবেশ সচেতনতার বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, শিশুদের নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত চেতনা এবং সেবামূলক মানসিকতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের প্রাণবন্ত পরিবেশ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কার্নিভালটি আনন্দঘন ও সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।