নিরাপত্তা শঙ্কা, ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত:সোমবার, ২২ ডিসে ২০২৫ ০৮:১২

নিরাপত্তা শঙ্কা, ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Manual4 Ad Code

নিরাপত্তা শঙ্কায় থাকা ব্যক্তিদের গানম্যান দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যাদের নিরাপত্তা শঙ্কা আছে তাদের গানম্যান দেওয়া হয়েছে। ডিজিএফআই, এনএসআই, এসবি লিস্ট করেছে কারা কারা ভালনারেবল। সে অনুযায়ী গানম্যান দেওয়া হয়েছে। যদিও অনেকে গানম্যান নেয়নি। এ পর্যন্ত ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে।”

Manual2 Ad Code

সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা ও জকসু নির্বাচন নিয়ে সভা শেষে সোমবার (২২ ডিসেম্বর) এমনটা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “শরিফ ওসমান হাদির খুনি কোথায় আছে জানলে তাকে ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। বৈধ পথে খুনি যায়নি, অবৈধ পথে গেছে কিনা, সেটি বলতে পারব না।”

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনোপ্রকার ছাড় দেওয়া হবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা আশ্বস্ত করছি- এ বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে (মূল হোতা ফয়সাল) খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে দালালচক্র ফিলিপের সহযোগী ৫ জনকে (স্ত্রী ও শ্বশুরসহ) আটক করে ইতোমধ্যে যথাযথ আইনি প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।”

Manual8 Ad Code

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে ইতোমধ্যে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, মা ও বাবা, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৪১ রাউন্ড গোলাবারুদ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। অতি দ্রুত এ ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত ও আইনের আওতায় আনা হবে। তবে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও গোপনীয়তার রক্ষার স্বার্থে এ বিষয়ে এখনই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।”

Manual7 Ad Code

লুট হওয়া অস্ত্র উদ্ধার ও অপারেশন ডেভিল হান্ট-ফেইজ-২ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরো জোরদার ও বেগবান করতে এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে গত ১৩ ডিসেম্বর অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ অপারেশনের মাধ্যমে শনিবার (২০ ডিসেম্বর) পর্যন্ত মোট ৬ হাজার ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অভিযানে ৫৬টি আগ্নেয়াস্ত্র, ৪৩৭ রাউন্ড গুলি, ১৩৭ রাউন্ড কার্তুজ, ৬২টি দেশীয় অস্ত্র ছাড়াও গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরির উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে এই সময়ে ৬ হাজার ৯০৭ জনসহ সর্বমোট ১৩ হাজার ৫০৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (জকসু) প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইতোমধ্যে নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঢাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এ নির্বাচনগুলো আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, একইভাবে আমরা জকসু নির্বাচন সুষ্ঠু, নিরাপদ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সক্ষম হবো।”

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকে দুর্বৃত্তদের গুলি করা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “খুলনায় এনসিপি নেতাকে গুলির বিষয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। উনি বিস্তারিত জালালে এ বিষয়ে জানাতে পারব।”

বড়দিন ও থার্টিফাস্ট নাইট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বড়দিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইটে কোনো প্রকার আতশবাজি করা যাবে না। রাস্তা অবরোধ বা ব্লকেড করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে গুলশান, বনানীসহ রাজধানীর অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এছাড়া বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে রাজধানীতে যাতে ট্রাফিক চলাচল স্বাভাবিক থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ডিএমপি।”

Manual8 Ad Code