১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৫ সেপ্টে ২০২৬ ০৫:০৯
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছে সিলেট মহানগর বিএনপি। অনুষ্ঠানে যথাযথভাবে আমন্ত্রণ না পাওয়া এবং সংবর্ধনা আয়োজনের প্রক্রিয়া নিয়ে আপত্তির কারণে দলটির নেতারা অনুষ্ঠানে যোগ দেননি।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরে এসে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। বিকেল সাড়ে ৩টায় নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে তাঁর সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রপতির সিলেটে আগমন উপলক্ষে মহানগর বিএনপির নেতা-কর্মীরা নগরীর সাতটি পয়েন্টে তাঁকে স্বাগত জানান। তবে সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘‘এই অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতা-কর্মী অংশ নেবেন না। যথাযথভাবে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।’’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি তৈরি না করে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সিটি করপোরেশন আয়োজিত এই অনুষ্ঠান বয়কট করেছে।
Helpline - +88 01719305766