নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারে পুলিশের অভিযানে ১৬ লাখ ৭২ হাজার ৬শ ৫০ টাকা মূল্যের ভারতীয় ভোগ্যপণ্য ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এব্যাপারে চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল।
এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারতীয় পণ্যসহ একটি ট্রাক আটক করা হয়। পুলিশ জানায়, জব্দ করা মালামালের মধ্যে ভারতীয় তৈরি ফুসকাসহ বিভিন্ন ভোগ্যপণ্য রয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১৬ লাখ ৭২ হাজার ৬শ ৫০ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন- যশোরের কোতোয়ালি থানার বসুন্দিয়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মো. আমিনুর রহমান (৪০), একই এলাকার মো. সাহাব উদ্দিন হোসেনের ছেলে মো. সাগর হোসেন (২৪) এবং সিলেটের গোয়াইনঘাট থানার বিছনাকান্দি (ছড়ারপাড়) এলাকার শেখ সেলিম মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২৮)। এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মামলা নং-(২২) দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।