দেশে সাত জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

প্রকাশিত:Tuesday, 03 May 2022 11:05

দেশে সাত জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

Manual8 Ad Code

ঈদের সময়ে দুদিন দেশজুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে- চারদিন আগে এরকম পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই আভাস অনুযায়ী মঙ্গলবার ঈদের দিনে সকালে হয়ে গেল কালবৈশাখী ঝড় ও বৃষ্টি। দেশের অনেক স্থানে বজ্রপাতও হয়েছে। এদিন দেশের সাত জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, মঙ্গলবার সকা‌লে জেলার কালিহাতী উপজেলার দশ‌কিয়া ইউ‌নিয়নের হাতিয়া গ্রামে নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই ছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- উপ‌জেলার হা‌তিয়া গ্রামের র‌বিউলের ছে‌লে আরিফ (১৫), আব্দুর রাজ্জা‌কের ছে‌লে র‌ফিক (১৪) এবং দশ‌কিয়া পূর্ব পাড়া গ্রা‌মের জুলহা‌সের ছে‌লে ফয়সাল (১৬)।

দশ‌কিয়া ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মালেক ভূঁইয়া বলেন, ‘ঈদের নামাজ পড়ার আগে সকা‌লে তারা নদীতে গোসল কর‌তে গি‌য়ে‌ছিল। এসময় সেখা‌নে বজ্রপাত ঘটলে ঘটনাস্থ‌লে একজন মারা যায়। এতে গুরুতর দুইজনসহ চারজন আহত হয়। পরে আহত র‌ফিক ও ফয়সাল‌কে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নেয়ার প‌থে তারা মারা যায়।

Manual5 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, জেলার আখাউড়া ও সরাইলে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আখাউড়া পৌরশহরের খরমপুর কেল্লা বাবার মাজার শরীফ কবরস্থানে বজ্রপাতে মারা যান দুর্গাপুর মধ্যপাড়া মোহাম্মদ আলীর ছেলে মো. রনি। রনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

আখাউড়া পৌরসভার দুর্গাপুর ১নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম স্বপন মিয়া সাংবাদিকদের জানান, ঈদের নামাজ শেষে রনি খরমপুর কেন্দ্রীয় কবরস্থানে তার নানা-নানির কবর জিয়ারত করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া সরাইলে পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামে মঙ্গলবার দুপুরে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে মারা গেছে মাদ্রাসাছাত্র সাইফুল ইসলাম মেহদী (১৫)। মেহদী ওই গ্রামের শাহনেওয়াজ মাস্টারের ছেলে। সে শাখাইতি সৈয়দ আব্দুর রউফ শাহ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি জানান, জেলার আজমিরীগঞ্জে বজ্রপাতে শাহজাহান মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার পৌর এলাকার নোয়ানগর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার সকালে শাহজাহান মিয়া বাড়ির পাশে পুকুরে গোসল শেষে ঘরে ফেরার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এছাড়া হাওরে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে একই এলাকার সত্যলাল দাস (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী জানিয়েছেন, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা সরকারি সহায়তা দেয়া হবে।

জেলার শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের লাদিয়া গ্রামে ঈদের নামাজ পড়ে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সারাজ মিয়া (২৭) মৃত ইলিয়াছ মিয়ার ছেলে।

বেলা ১টার দিকে স্থানীয় কয়েকজন যুবক মাঠে খেলাধুলা করতে গিয়ে সারাজ মিয়াকে মাঠে পড়ে থাকতে দেখে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সারাজ মিয়াকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার মনোহরপুর গ্রামে মঙ্গলবার সকালে বজ্রপাতে আব্দুর রাজ্জাক নামে এক কৃষকের (৫৩) মৃত্যু হয়েছে। এসময় তার ভাই মন্টু (৪৮) আহত হয়েছেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, সকালে রাজ্জাক ও মন্টু ঈদের জামাতের জন্য বাড়ি থেকে বের হন। পথে বজ্রপাতের শিকার হন তারা। পরে এলাকাবাসী মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী প্রতিনিধি জানান, জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার পূর্ব নবীপুর গ্রামে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাতে মো. জিহাদ হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে সাথি আক্তার (১২) ও নাদিয়া আক্তার (৫) নামে দুই শিশু।

নিহত জিহাদ ওই গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ছাতা নিয়ে স্থানীয় বাজারের দিকে যায় শিশু জিহাদ, সাথি ও নাদিয়া। বাজারের কাছাকাছি পৌঁছলে বজ্রপাতে আহত হয় তারা। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে জিহাদকে মৃত ঘোষণা করা হয়।

Manual8 Ad Code

বাগেরহাট প্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে জেলার মোংলা উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে বজ্রপাতে মহির উদ্দিন শেখ (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে ঢালিরখন্ড এলাকা থেকে জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে মহিরের ওপর বজ্র পড়ে। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

কক্সবাজার প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকেল সদর উপজেলার চৌফলদন্ডীর নতুন মহাল মাঝেরপাড়া এলাকায় বজ্রপাতে মারা গেছেন শামসুল আলম (৫০) নামে এক লবণচাষি। এসময় একজন আহত হয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস বলেন, বিকেলে চৌফলদন্ডী নতুন মহাল মাঝেরপাড়ায় বৃষ্টি থেকে লবণ রক্ষা করতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন শামসুল আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ