সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা, মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত:সোমবার, ০৬ জুলা ২০২৬ ০৯:০৭

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা, মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু

Manual1 Ad Code

সুরমাভিউ:- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই লোমহর্ষক ও দুঃখজনক ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহতরা হলেন— অনন্তপুর গ্রামের শাহ নুরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং তাদের ছেলে ফরহাদ শাহ(৩০)। একই পরিবারের তিনজনের এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাহ নুরুল আমিনের বাড়ির সঙ্গেই একটি মুদি দোকান রয়েছে। সোমবার সন্ধ্যায় তিনি ও তার ছেলে ফরহাদ শাহ মিলে দোকানঘরটি মেরামতের কাজ করছিলেন। মেরামত করার একপর্যায়ে ঘরটির টিনের চাল বা বেড়া পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের মেইন লাইনের তারের সংস্পর্শে চলে আসে। এতে পুরো ঘরটি মুহূর্তের মধ্যে বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং বাবা-ছেলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে ঘর থেকে ছুটে আসেন নুরুল আমিনের স্ত্রী ফাতেমা আক্তার। স্বামী ও সন্তানকে বাঁচাতে তিনি অসচেতনভাবে তাদের স্পর্শ করলে তিনিও মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হয়ে অবচেতন হয়ে পড়েন।

পরে প্রতিবেশীরা চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত বিদ্যুতায়নের ফলে তাদের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এদিকে সোমবার রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় মাতম চলছে। স্বজনদের আহাজারি আর প্রতিবেশীদের কান্নায় অনন্তপুর গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে। এই মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় এলাকাবাসী।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ