শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা জোরদার

প্রকাশিত:Sunday, 22 Nov 2026 10:11

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা জোরদার

Manual1 Ad Code

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন। তাকে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার আহ্বান জানিয়েছেন ভারতের কয়েকজন রাজনৈতিক নেতা। একই দিনে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ পরিদর্শনে আওয়ামী লীগের চার শীর্ষ নেতার বেনাপোল-পেট্রাপোল সীমান্তে যাওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এসব ঘটনার মধ্যে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২২ নভেম্বর) বিকেল থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি তৎপরতা দেখা গেছে।

টহল ও মহড়া চালানোর পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মাসেদুল। ভারতের কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম প্রথম কলকাতা, জি ২৪ ঘণ্টা ও মুখপত্র পোস্টসহ বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে খবর প্রকাশের পর বেনাপোল সীমান্ত ঘিরে আলোচনা শুরু হয়।

Manual3 Ad Code

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ পর্যালোচনা করতে রবিবার সকালে কলকাতা থেকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে যান আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। তারা হলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।

Manual5 Ad Code

জি ২৪ ঘণ্টার প্রতিবেদনের শিরোনাম, ‘রবিবারই বেনাপোল সীমান্ত পরিদর্শনে আওয়ামী লীগের ৪ শীর্ষ কর্তা, শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই বড় পদক্ষেপ’। প্রতিবেদনে চার নেতার সীমান্ত পরিদর্শনের বিষয়টি তুলে ধরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম কলকাতা ও মুখপত্র পোস্টের প্রতিবেদনেও শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্ভাব্য প্রস্তুতির বিষয়টি উঠে এসেছে। এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে, সীমান্তবর্তী জেলাগুলোতে দলের নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেছেন। ইতোমধ্যে মধ্যপর্যায়ের কিছু নেতাকর্মী দেশে ফিরেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে আরও নেতাকর্মী বিভিন্ন কৌশলে দেশে প্রবেশ করতে পারেন বলেও একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়েই দেশে ফিরবেন, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে আওয়ামী লীগের এক নেতার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। সম্ভাব্য প্রবেশপথ হিসেবে পশ্চিমবঙ্গের বসিরহাট-সাতক্ষীরা সীমান্তের ঘোজাডাঙা, মালদহ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মাহদীপুর-সোনামসজিদ এবং ত্রিপুরার একাধিক সীমান্ত চেকপোস্টের কথাও উল্লেখ করা হয়েছে।

Manual2 Ad Code

সবকটি পথ পর্যালোচনার পরই সম্ভাব্য প্রবেশপথ নির্ধারণ করা হবে বলে ওই সূত্রের দাবি। এদিকে, একই দিন ভারতের পেট্রাপোল সীমান্তে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে দেশটির হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের একাধিক সংগঠন। সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ আরও কয়েকজন শীর্ষ নেতা। সমাবেশে বিধায়ক স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের দীর্ঘ কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সমালোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই ধরনের বক্তব্য দেন মন্ত্রী অশোক কীর্তনীয়াও। তাঁর বক্তব্যে বাংলাদেশের জনগণকে রক্ষা এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

Manual3 Ad Code

ভারতীয় সূত্রে আরও জানা গেছে, আওয়ামী লীগের চার শীর্ষ নেতা বেনাপোল-পেট্রাপোল সীমান্ত অঞ্চল পরিদর্শনের পর সেখানে কয়েক দিন অবস্থান করতে পারেন। পরে তাঁদের আগরতলা যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে। তবে এ সফরের উদ্দেশ্য ও সময়সূচি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ-সমাবেশ এবং শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান ঘিরে দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে সমাবেশ শেষ হওয়ার পর বাংলাদেশের বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা আরও দৃশ্যমান হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চেকপোস্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে বিজিবির টহল জোরদার করতে দেখা যায়।

এ বিষয়ে ৪৯ বিজিবির সহকারী অধিনায়ক মেজর মাসেদুল জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং অবৈধ পথে যাতে কেউ দুই দেশের মধ্যে যাতায়াত করতে না পারে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোল চেকপোস্টের প্রধান ফটকসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল দল সতর্ক অবস্থানে থাকবে বলেও তিনি জানান। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালিত হয়। পাশাপাশি আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন যাতায়াত করেন বিপুলসংখ্যক পাসপোর্টধারী যাত্রী। ফলে সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, অবৈধ অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধে বিজিবির বাড়তি সতর্কতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

তবে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা, আওয়ামী লীগের চার নেতার সীমান্ত পরিদর্শন এবং তাঁদের সম্ভাব্য পরবর্তী সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার, বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ