ক্যাম্পাসে নেতার নামে স্লোগান, শোডাউন কিংবা মহড়া আর চলবে না : সাদিক কায়েম

প্রকাশিত:শনিবার, ২৬ সেপ্টে ২০২৬ ১১:০৯

ক্যাম্পাসে নেতার নামে স্লোগান, শোডাউন কিংবা মহড়া আর চলবে না : সাদিক কায়েম

Manual4 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ‘বিগত ৫৫ বছরে দেশের রাজনীতিতে যারা নেতৃত্বে এসেছিলেন, তারা মুখে দেশপ্রেমের বুলি আওড়ালেও চেয়ারে বসে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। সমাজে টেন্ডারবাজি, দাঙ্গাবাজি ও দুর্নীতির রাজত্ব কায়েম করার কারণেই আজ দেশের সার্বিক উন্নয়ন থমকে গেছে।’
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান বক্তা তিনি এ সব কথা বলেন।
একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম চরম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘চাকরিতে দলীয় বিবেচনা ও নিয়োগ বৈষম্য কোনোভাবেই বরদাশত করা হবে না। নব্য ফ্যাসিবাদী কায়দায় নিজেদের লোকদের চাকরি দেওয়ার অপচেষ্টা হলে ছাত্র-জনতা আবারো রাজপথে নেমে আসবে। তখন দিল্লি, পিন্ডি কিংবা লন্ডনেও পালিয়ে রক্ষা পাওয়া যাবে না।’
শিক্ষাঙ্গনে সুস্থ ধারার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘ক্যাম্পাসে কোনো নেতার নামে স্লোগান, শোডাউন কিংবা মহড়া আর চলবে না। শিক্ষার্থীদের প্রধান কাজ হবে পড়াশোনা ও গবেষণা করা। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে মেধা ও নৈতিকতায় এগিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন কোনো একক দলের সুবিধা অর্জনের জন্য নয়, বরং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াই।’
সরকারি চাকরিতে ঘুষ, স্বজনপ্রীতি ও ভাইভার নামে বৈষম্য চিরতরে বন্ধ করে সংবিধান প্রদত্ত অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ