অপসংস্কৃতি রুখতে ইসলামী সংস্কৃতির বিপ্লব ঘটাতে হবে: মাওলানা জয়নাল আবেদীন

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ ০৯:০৫

অপসংস্কৃতি রুখতে ইসলামী সংস্কৃতির বিপ্লব ঘটাতে হবে: মাওলানা জয়নাল আবেদীন

Manual8 Ad Code

সুরমাভিউ:-  অপসংস্কৃতির সয়লাব রোধে এবং নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে সুস্থ ও আদর্শিক ইসলামী সংস্কৃতির বিপ্লব ঘটানো এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন ‘জাগরণ ইসলামী সাংস্কৃতিক দল’-এর চেয়ারম্যান মাওলানা জয়নাল আবেদীন।

বৃহস্পতিবার (৭ মে) সিলেট বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে আয়োজিত সংগঠনের এক জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। মাওলানা জয়নাল আবেদীন সুদূর ইউরোপ থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে সংগঠনের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও দিক-নির্দেশনামূলক আলোচনা পেশ করেন।

বাদ আসর থেকে শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকটি চলে এশা পর্যন্ত। জাগরণ পরিচালক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদারের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাওলানা আব্দুল আহাদ-এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সংগীত পরিচালক তারেক মাহমুদ, সহকারী প্রচার সম্পাদক কাওসার আহমদ ও দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ জামিল প্রমুখ।

বৈঠকে জাগরণের কার্যক্রম গতিশীল করতে নিয়মিত সাপ্তাহিক প্রশিক্ষণ এবং আগামী ঈদুল আজহার পর বড় পরিসরে ‘হামদ ও নাতে রাসুল (সা.) সম্মেলন’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে জাগরণের শিল্পীরা একটি সংক্ষিপ্ত লাইভ প্রোগ্রাম করেন। এতে শিল্পীরা মনোমুগ্ধকর হামদ-নাত, দেশাত্মবোধক সংগীত ও জাগরণী নাশীদ পরিবেশন করেন। ইসলামী সংস্কৃতির প্রসারে জাগরণের প্রতিটি কর্মীকে নিষ্ঠার সাথে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘটে।

এ সংক্রান্ত আরও সংবাদ