১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৫ জানু ২০২৬ ০৬:০১
সুরমাভিউ:- নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সিলেট সহ দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা ইতোমধ্যে চরমভাবে বিপর্যস্ত। এর মধ্যেই এলপিজি গ্যাসের সাম্প্রতিক অতিরিক্ত ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন করে অসহনীয় চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, ভাড়াটিয়া জনগোষ্ঠী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং হোটেল-রেস্তোরাঁ সংশ্লিষ্টরা এ মূল্যবৃদ্ধির ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এলপিজি (সিলিন্ডার) গ্যাসের অযৌক্তিক ও অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং জনস্বার্থে অন্তর্বর্তী সরকারের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে দেশের প্রায় ৫০ শতাংশ মানুষ হোটেলে, বাসা-বাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন। এছাড়া বহুদিন ধরে রান্নার কাজে দেশের সিংহভাগ মানুষের প্রধান ভরসা সিলিন্ডার গ্যাস। কিন্তু গত ২ সপ্তাহ থেকে বাড়তি দামেও সঠিক সময়ে গ্যাস মিলছে না। এদিকে সরকারি দাম ১ হাজার ৩ শত ৬ টাকা হলেও ডিলার পয়েন্ট থেকে সিলিন্ডার কিনতে হচ্ছে বেশি টাকা দিয়ে। কোথাও দ্বিগুণ দাম দিয়েও এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এতে নিম্ন আয়ের মানুষের পক্ষে রান্নার গ্যাস কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে।
নেতৃবৃন্দ বলেন, ডিলারদের কাছে পর্যাপ্ত এলপিজি মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে বিক্রি বন্ধ রাখা হচ্ছে। যারা অবৈধভাবে এলপিজি মজুদ করে বেশি দামে বিক্রি করছে, তাদের গুদাম জব্দ করে জেল-জরিমানা করতে হবে। দেশবাসী দ্রুত অভিযান দেখতে চাই।
নেতৃবৃন্দ বলেন, কার্যকর নজরদারির অভাবে এই অনিয়ম দিন দিন বাড়ছে এবং সাধারণ মানুষকে বাধ্য হয়ে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হচ্ছে। সারাদেশে এমন অসাধু ডিলারদের লাইসেন্স বাতিল করে নতুন ডিলার নিয়োগ দাবী জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766