১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৯ নভে ২০২৫ ১২:১১
হেলাল আহমেদ দিরাই(সুনামগঞ্জ) থেকে:- এক সময়ের গ্রামীণ অর্থনীতির লাইফলাইন, সুনামগঞ্জের দিরাই-জগদল সড়কটি বর্তমানে এক ‘অসুস্থ’ দশার মধ্য দিয়ে যাচ্ছে। সড়কের পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ, ইটের সুরকি ও কাদা-জলে এখন এটি যেন এক মরণফাঁদ। স্থানীয়দের কাছে এটি শুধু একটি রাস্তা নয়, এটি যেনো তাদের দীর্ঘদিনের উন্নয়ন স্বপ্নের প্রতীক, যা আজ চরম অবহেলা আর জীর্ণতায় ভুগছে।
বেহাল দশার চিত্র
দিরাই উপজেলা সদর থেকে জগদল ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত এই সড়কটি পূর্ব দিরাইয়ের লক্ষ লক্ষ মানুষের একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এর বেশিরভাগ অংশই এখন চলাচলের অযোগ্য।
বিশাল গর্ত ও খানাখন্দ:
সড়কের বুকে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। বর্ষাকালে গর্তে জল জমে সৃষ্টি হয় কাদা ও জলজটের।
যানবাহন চলাচল বিপজ্জনক:
সামান্য বৃষ্টিতেই পথ পিচ্ছিল হয়ে যায়, ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সিএনজি, অটো রিকশা বা মোটরসাইকেল আরোহীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
সময় ও অর্থের অপচয়:
সড়কের দুরবস্থার কারণে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে। এছাড়া, অতিরিক্ত ঝাঁকুনিতে যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় পরিবহন খরচও বেড়ে গেছে।
“আমাদের জগদল ইউনিয়নসহ আশপাশের প্রায় ৬০ গ্রামের মানুষের কষ্টের শেষ নেই। দেশ কত এগিয়েছে, কিন্তু আমরা এগুতে পারিনি। কালনী নদীর উপর সেতু হয়েছে, কিন্তু সংযোগ সড়ক না থাকায় তারও পুরো সুবিধা পাচ্ছি না। এখন এই রাস্তাটিও অসুস্থ হয়ে পড়ে আছে,ডাক্তারে প্রয়োজন। আর জরুরি রোগী নিয়ে যেতে গেলে মনে হয় যেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে,” হতাশার সাথে জানান স্থানীয় ইউনিয়নের বাসিন্দা সমাজ সেবক আব্দুল জব্বার।
থমকে আছে উন্নয়নের স্বপ্ন-
খোঁজ নিয়ে জানা যায়, দিরাই-কলকলিয়া আরএসডি ভায়া জগদল-হোসেনপুর সড়ক নামে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটির জন্য জমি অধিগ্রহণ হলেও, এখন পর্যন্ত কোনো বড় প্রকল্পে এটি অন্তর্ভুক্ত না হওয়ায় নির্মাণ কাজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এটি বাস্তবায়িত হলে সিলেট বিভাগীয় শহরের সাথে দিরাইয়ের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার কমে আসতো এবং হাওরের উৎপাদিত ফসল দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সম্ভব হতো।
দাবি একটাই: দ্রুত সংস্কার-
এলাকাবাসী বলছেন, শুধু আশ্বাস নয়, তারা দ্রুত এই সড়কের পূর্ণাঙ্গ সংস্কার বা নতুন নির্মাণ কাজ শুরু দেখতে চান। তাদের দাবি, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এই সড়কটিকে চলাচলের উপযোগী করে তুলুক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগের অবসান হয় এবং উন্নয়ন স্বপ্নগুলো আবারও ডানা মেলতে পারে।
এই ‘অসুস্থ’ সড়কটি কবে নাগাদ তার ‘সুস্থতা’ ফিরে পাবে এবং হাওরপারের মানুষের যোগাযোগ ভোগান্তি দূর হবে, সেই অপেক্ষাতেই দিন গুনছেন দিরাই-জগদল অঞ্চলের হাজার হাজার বাসিন্দা।
Helpline - +88 01719305766