১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২৫ মে ২০২৫ ১১:০৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
রোববার (২৫ মে) আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
এ সময় প্রধান অতিথি মোবারক হোসাইন মুফতি আমির হামজাকে নিয়ে বলেন, ‘আমরা এ আসনে যে প্রার্থীকে ( আমীর হামজা) দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই নন আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী।’
তিনি আরও বলেন ‘কুষ্টিয়া-৩ আসনের মধ্য দিয়ে ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হলো।’
তিনি বলেন, ‘সংস্কার ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি ছাড়া জামায়াত ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না। জামায়াত ইসলামী ১৮ বা ২৪ সালের মতো নির্বাচন দেখতে চায় না। আমাদের সবচেয়ে বড় চাওয়া একটি কেয়ারটেকার সরকারের মাধ্যমে যেন নির্বাচন সম্পন্ন হয়।’
জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমির এনামুল হক, ছাত্রশিবিরের শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।
Helpline - +88 01719305766