নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট–হবিগঞ্জ বিরতিহীন বাসের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছেন যাত্রী সাধারণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের অভিযোগ, বিরতিহীন বাস শ্রীমঙ্গলে না থামায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন হাজারো যাত্রী।
মঙ্গলবার সকাল ১১টায় শহরের চৌমুহনা এলাকায় ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন শত শত মানুষ। প্রায় এক ঘন্টা স্থায়ী মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক শহর হলেও বিরতিহীন বাসগুলো এখানে যাত্রা বিরতি দেয় না। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও সাধারণ যাত্রীদের অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে।
মানববন্ধনে নেতৃত্ব দেন হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা শ্রীমঙ্গলের সভাপতি নিহার রঞ্জন দে, বিশিষ্ট সংগীত শিল্পী তারেক ইকবাল চৌধুরী, কলামিস্ট সৈয়দ আমীরুজ্জান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তসহ বিশিষ্টজনেরা।
দ্রুত হবিগঞ্জ বিরতিহীন বাসকে শ্রীমঙ্গলকে নির্ধারিত যাত্রা বিরতি পূর্ণ বহালের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন অংশগ্রহণকারীরা।