|
প্রকাশিত:Monday, 04 Mar 2024 04:03
সদ্য প্রয়াত বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি প্রখ্যাত আলেম মাওলানা লুৎফর রহমানের জানাজার নামাজে জনস্রোত দেখা গিয়েছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই আলেম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার (৩ মার্চ) দুপুর পৌনে তিনটার দিকে মারা যান।
তাঁর মৃত্যুর পর রাজধানীর বায়তুল মোকাররমে গতকাল রাত আটটায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সোমবার সকাল ৯টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
সেখানে মানুষের উপচে পড়া ভিড় থাকায় কাউকেই শেষবারের মতো তাঁর মুখটা দেখানো হয়নি। তার তৃতীয় নামাজের জানাজা বদরপুর কেন্দ্রীয় মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতের জেনারেল সেক্রেটার মিয়া গোলাম পরওয়ার, সহ-সেক্রেটারী এটিএম মাসুম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সেক্রেটারীর রুহুল আমিন, ড. রেজাউল করিম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইমতিয়াজ আরাফাত, করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মির্জা, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ বিপুল সংখ্যক মুসল্লি।
এর আগে গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ব্রেনস্ট্রোক করেন মাওলানা লুৎফর রহমান। সাথে সাথে তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
মাওলানা লুৎফর রহমান বিশিষ্ট আলেমে দ্বীন, জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক। ওয়াজ মাহফিলে প্রয়োজনীয় বয়ান ছাড়াও সমসামায়িক বিভিন্ন বিষয় নিয়ে তিনি মুসলমানদের সচেতন করেন।
লুৎফর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে। তিনি ৫ কন্যা ও ২ ছেলের জনক। আল্লামা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766