মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা, ১ নারীসহ আটক ৩

প্রকাশিত:রবিবার, ০৪ অক্টো ২০২৬ ০৮:১০

মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা, ১ নারীসহ আটক ৩

Manual6 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারে মাত্র চার মাসের এক দুগ্ধপোষ্য শিশুকে অপহরণ করে পালিয়ে যাওয়ার প্রাক্কালে স্থানীয় জনতা এক নারীসহ তিন অপহরণকারীকে হাতেনাতে আটক করেছে। উদ্ধারের পর অক্ষত অবস্থায় শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর চারটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার ৭ নম্বর চাঁদনিঘাট ইউনিয়নের শ্যামেরকোনা এলাকা থেকে চার মাসের শিশুটিকে কৌশলে চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় দুই যুবক ও এক নারী সমন্বয়ে গঠিত একটি সংঘবদ্ধ চক্র। অপহৃত শিশুকে নিয়ে তারা চৈত্রঘাট বাজার পয়েন্ট হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় স্থানীয় পথচারীদের সন্দেহ সৃষ্টি হয় ।
সাতসকালে অপরিচিত ব্যক্তিদের কোলে এত ছোট শিশু দেখে এলাকাবাসীর মনে সন্দেহ দানা বাঁধে। চৈত্রঘাট বাজারে পৌঁছানোর পর জিজ্ঞাসাবাদ করা হলে ওই চক্রের সদস্যরা অপ্রাসঙ্গিক ও অসংলগ্ন কথা বলতে শুরু করে। তাদের কথাবর্তায় অসঙ্গতি পাওয়ায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদেরকে ঘিরে ফেলে আটক করেন।
পরবর্তীকালে শ্যামেরকোনা এলাকা থেকে শিশুটি চুরির ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া মাত্রই ক্ষুব্ধ জনতা শিশুটিকে উদ্ধার করে অবিলম্বে তার পরিবারের কাছে পৌঁছে দেয়। হারিয়ে যাওয়া চার মাসের সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা ও স্বজনেরা।
ঘটনার পর চৈত্রঘাট এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি মেম্বারের সামছুল ইসলামের উপস্থিতিতে অভিযুক্তদের আটকে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত জনপ্রতিনিধি ও মুরব্বিরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং কমলগঞ্জ ও সংশ্লিষ্ট থানার পরামর্শক্রমে আসামীদের পুলিশে সোপর্দ করার প্রস্তুতি নেন। তথ্য অনুযায়ী, শিশুটিকে রাজনগর থানা এলাকার সীমান্তবর্তী অঞ্চল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, ফলে সংশ্লিষ্ট থানা-পুলিশের সাথে যোগাযোগ করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়দের সচেতনতা ও চৈত্রঘাট এলাকাবাসীর তাৎক্ষণিক তৎপরতার কারণেই অবোধ শিশুটি এক মর্মান্তিক পরিণতি থেকে বেঁচে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এ ঘটনাকে কেন্দ্র করে সমগ্র অঞ্চলজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ