সোমবার (৩১ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে শহরতলীর গোমড়া যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আহত ওই শিক্ষার্থীর নাম সাদিয়া আক্তার ঝুমা (১৮)। তিনি শহরের উত্তর জগন্নাথপুর এলাকার গোমড়া সুলেমান ভিলার ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের মেয়ে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।
স্থানীয় ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে একটি টমটম অটোরিকশায় ওঠেন ঝুমা। যানটিতে আগে থেকেই এক অজ্ঞাতনামা যাত্রী বসা ছিল। গাড়ি চলতে শুরু করলে ওই বখাটে বারবার ঝুমার গা ঘেঁষে বসার চেষ্টা করে এবং উত্ত্যক্ত করতে থাকে। ঝুমা বারবার প্রতিবাদ ও নিষেধ করা সত্ত্বেও ওই বখাটে তা অমান্য করে যৌন হয়রানি চালিয়ে যায়।
একপর্যায়ে টমটমটি গোমড়া যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে পরিস্থিতি বেগতিক দেখে এবং অপহরণের আশঙ্কায় সম্ভ্রম ও প্রাণ বাঁচাতে চলন্ত গাড়ি থেকেই লাফ দেন ঝুমা। পাকা রাস্তায় সজোরে আছড়ে পড়ে তিনি মুখে মারাত্মক আঘাত পান এবং তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। পরে তার মা ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয় জনতা সন্দেহভাজন টমটম অটোরিকশার চালককে ধাওয়া করে পুলিশ লাইনের সামনে আটকে রাখে। এ বিষয়ে মৌলভীবাজার সদর থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।