নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় এই বিপুল চোরাই পণ্যসহ ট্রাকটি আটক করা হয়। ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর হয়ে মৌলভীবাজারে প্রবেশ করছিল। আটক ব্যক্তির নাম মোঃ লালন মিয়া (২৮), সাং- মুটুকপুর, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (নিঃ) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, এসআই (নিঃ) হীরক চক্রবর্তী, এএসআই (নিঃ) মোঃ আবুল ভাসানী এবং ফোর্স কনস্টেবল জহিরুল ইসলাম ও কাজল রাজবংশীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
তল্লাশি চালিয়ে ট্রাক থেকে যেসব চোরাই প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে Skinbrite Cream ৫ হাজার ১শ ৮৪ পিস, Skinshine Cream ৬শ পিস, Elosone-HT Cream ৪ হাজার ৮শ পিস, Derobin Ointment ৪ হাজার ৫শ পিস, Melnor Cream ৫ হাজার ৭শ ৬০ পিস, Clop-G Cream ২৩ হাজার ৬শ ৬০ পিস এবং Patanjali Aloe Vera Gel ২শ ৮৮ পিস।
এছাড়া ট্রাকের ভেতর থেকে ৩শ কেজি খালি কার্টুন ও একটি নীল রঙের তেরপালও উদ্ধার করা হয়। সর্বমোট পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৭৩ লক্ষ .৪৮ হাজার ,৮শ ২০ টাকা (তেয়াত্তর লক্ষ আটচল্লিশ হাজার আটশত বিশ) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ভারতীয় পণ্য বহনের কথা স্বীকার করলেও কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে আটক লালন মিয়া জানান, সে পলাতক আসামী রুবেল মিয়ার পরিচিত এবং রুবেল মিয়ার ভাঙারির আড়ালের ব্যবসার অংশ হিসেবে ভারতীয় চোরাই পণ্য সিলেটের চালিবন্দর এলাকা থেকে এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। তারা মালামালের উপর খালি কার্টুন ও তেরপাল দিয়ে কভার করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল।
গ্রেফতারকৃত, পলাতক এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে The Special Powers Act, 1974 এর 25-B ও 25-D ধারায় মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।