সুরমাভিউ:- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি ষড়যন্ত্রকারী মহল ষড়যন্ত্র শুরু করেছে। তিনি শনিবার (১২ জুলাই) জালালাবাদ থানা বিএনপি’র প্রবীণ ও প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
তিনি বলেন, অতীতেও আন্তর্জাতিক ও দেশীয় কুচক্রী মহল দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এখন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
খন্দকার মুক্তাদির বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি মেজর জিয়া। তা ছাড়া বিশ্বের দরবারে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির হিসেবে পরিচিত ছিলেন। মেজর জিয়াউর রহমান একজন সৎ দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ও জনগণের অন্তরে জাতীয় বীর হিসেবে জায়গা করে নেন। তিনি নীতি ও উদারপন্থি রাজনৈতিক দর্শন ছিলেন। তিনি ছিলেন দেশ ও জাতির জন্য নিবেদিতপ্রাণ এবং দেশের সব চেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন প্রতিটি মুহুর্ত উৎসর্গ করেছেন দেশ ও জাতির কল্যাণের জন্য।
তিনি আরোও বলেন, সেই ধারাবাহিকতায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রত্যেক সংকটময় মুহুর্তে সাহসী ভূমিকা রেখেছেন। তিনি দেশের সামগ্রিক উন্নয়নে যে অবদান রেখেন তা অবিস্মরণীয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নপূরর্ণ করতে একটি সমৃদ্ধশীল দেশ গড়তে কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ’র পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী।