|
প্রকাশিত:Wednesday, 25 Nov 2026 09:11
সুরমাভিউ:- উসকানিমূলক পোস্ট প্রচারে উৎসাহ প্রদান ও অর্থায়নের মাধ্যমে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের সভাপতি (আহ্বায়ক) হাফিজ উদ্দিন পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ নভেম্বর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া হাফিজ উদ্দিন পলাশ তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মনজুর আলীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী যুবলীগের তাহিরপুর উপজেলা শাখার সভাপতি। পাশাপাশি সরকার পতনের আগে তিনি তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীল পদে ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাহিরপুর থানা পুলিশের একটি বিশেষ দল সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রাম সংলগ্ন তাহিরপুর-আনোয়ার সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল জানান, গ্রেফতার হাফিজ এবং তার সহযোগী উপজেলার মোদেরগাঁও গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে ও আত্মগোপনে থাকা উপজেলা যুবলীগের সেক্রেটারি রায়হান উদ্দিন রিপন- নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত করতেন। এসব গ্রুপের মাধ্যমে দেশব্যাপী ফেসবুকে উসকানিমূলক পোস্ট প্রচারে উৎসাহ দেওয়া এবং অর্থায়নের মাধ্যমে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টায় তারা লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক আহম্মেদ জানান, গ্রেফতারকৃত হাফিজকে থানায় সম্প্রতি দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ২৫ নভেম্বর বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞপ্তি
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766