মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বৃহস্পতিবার (১৪ মে) জুড়ী উপজেলা পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম, সরকারি সেবার মান ও চলমান উন্নয়ন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও হাওর এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জুড়ীর সহকারী কমিশনার (ভূমি) অফিস, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং জায়ফরনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন দপ্তরের সেবাদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং অফিসসমূহের গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র যাচাই করেন।
জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনগণকে আরও কার্যকর, দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সরকারি সেবাকে আরও জনবান্ধব ও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক হাকালুকি হাওর এলাকার কৃষকদের সঙ্গেও মতবিনিময় করেন। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সঠিকভাবে প্রস্তুত করা হচ্ছে কিনা তা সরেজমিনে যাচাই করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় মাঠে খেলাধুলায় ব্যস্ত কয়েকজন কিশোরের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক এবং তাদের উৎসাহ দিতে একটি ফুটবল উপহার দেন।
এদিকে একই দিনে ২০২৫-২৬ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ২য় পর্যায় কর্মসূচির আওতায় জুড়ী উপজেলার বিভিন্ন স্কুলের হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জুড়ীর সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার।
উপজেলা প্রশাসন, জুড়ী, মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির আওতায় ফুলতলা ইউনিয়নের চুঙ্গাবাড়ি গ্রামের প্রত্যন্ত এলাকার স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে মোট ৪৫টি বাইসাইকেল বিতরণ করা হয়। এর মধ্যে ছেলেদের জন্য ১০টি এবং মেয়েদের জন্য ৩৫টি বাইসাইকেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সহজতর করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।