মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজারে ৮০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের জেলা ও উপজেলা সংযুক্তি কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে চলমান ৮০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের জেলা ও উপজেলা সংযুক্তি কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৪ মে) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি মাঠ প্রশাসনে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, পেশাদারিত্ব, জনসেবামূলক মানসিকতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে ২৭ ব্যাচের বিভিন্ন ক্যাডারের মোট ৮ জন কর্মকর্তা মৌলভীবাজার জেলার সার্বিক বিষয় নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। উপস্থাপনায় জেলার প্রশাসনিক কাঠামো, উন্নয়ন কার্যক্রম, সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরা হয়।
প্রেজেন্টেশন শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদের উপস্থাপনার ওপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা,জেলা পুলিশ সুপার এর প্রতিনিধি, উপপরিচালক (কৃষি সম্প্রসারণ)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসনের সকল পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঠ প্রশাসন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের গুরুত্ব তুলে ধরা হয় এবং ভবিষ্যতে দক্ষ, মানবিক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।