|
প্রকাশিত:Thursday, 18 Dec 2025 10:12
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা, জননিরাপত্তার অবনতি অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্রশক্তি।
বৃহস্পতিবার বিকাল ৫টার রাজধানীর শাহবাগ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি টিএসসি হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে ফের টিএসিতে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ শেষে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি জাহিদ আহসান ঘোষণা দেন, ‘আগামীকাল শুক্রবার বাদ আসর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর গায়েবানা জানাজা আদায় করা হবে।’
জাহিদ আহসান বলেন, হাদিকে হত্যাকারীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনার বিচার এই বাংলাদেশেই হবে, তবে তা জাহাঙ্গীরের হাত দিয়ে নয়। আমরা জাহাঙ্গীরের কাছে গ্রেফতারের কোনও দাবি জানাচ্ছি না। কারণ তিনি এই পদে বসারই অযোগ্য। দায়িত্বজ্ঞানহীন একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোনও দাবি জানানো যায় না।’
তিনি বলেন, আগামীকাল শুক্রবার বাদে আসর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের গায়েবানা জানাজা আদায় করা হবে। জাহাঙ্গীরকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মুক্তির যে চেষ্টা করা হয়েছিল, ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আল্টিমেটাম যারা দিয়েছে তাদের কোনও খোঁজ-খবর নেই।
বিক্ষোভকালে নেতাকর্মীরা ‘সচিবালয় না রাজপথ, রাজপথ-রাজপথ’, ‘এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’, ‘জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই হবে এক সাথে’ সহ বিভিন্ন স্লোগান দেন।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766