১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১৬ নভে ২০২৫ ১০:১১
সুরমাভিউ:- সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ও তার সমর্থকেরা।
রোববার (১৬ নভেস্বর) বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মিজান চৌধুরীর হাজারও সমর্থক অংশ নেন।
ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন মিজানুর রহমান চৌধুরী। ২০১৮ সালের নির্বাচনে এ আসনে বিএনপি থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিলো। তবে এবার দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনকে মনোনয়ন দেওয়া হয়েছে। মিলন এ আসনের সাবেক সংসদ সদস্য।
রোববারের বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সড়ক অবরোধ করে মিজানুর রহমান চৌধুরীর সমাবেশের কারণে দুই দিকে শত শত যানবাহন আটকে পড়ে। এতে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।
সমাবেশে মিজান বলেন, দেশ ও জাতির সামনে চরম ক্রান্তিকাল অপেক্ষা করছে। আগামী নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। পতিত ফ্যাসিস্ট সরকারের জুলুম নিপীড়ন উপেক্ষা করে গত দেড় যুগ আমি এই জনপদের মানুষের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।
মিজান বলেন, এই আসনে দল প্রাথমিক মনোনয়ন দিয়েছে। চূড়ান্ত মনোয়নে ছাতক-দোয়ারার আপামর জনতার আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে বলে আমাদের বিশ্বাস।
তিনি বলেন, সুনামগঞ্জ-৫ আসন, ছাতক ও দোয়ারবাজারের মাটি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্খী সকলের প্রতি অনুরোধ- দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থি কোন আচরণ করবেন না। ধানের শীষের পক্ষে আমাদের অবস্থান সুদৃঢ় থাকবে। বিএনপির ৩১ দফার ম্যাসেজ ঘরে ঘরে পৌছে দেয়ার মিশন অব্যাহত থাকবে।
ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মুহির পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির আহমদ ও ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান প্রমূখ।
Helpline - +88 01719305766