পুরুষের ফার্টিলিটি কমায় যেসব ভুল অভ্যাস, জেনে নিন করণীয়

প্রকাশিত:Thursday, 26 Nov 2026 11:11

পুরুষের ফার্টিলিটি কমায় যেসব ভুল অভ্যাস, জেনে নিন করণীয়

Manual3 Ad Code

পুরুষের প্রজননক্ষমতা বা ফার্টিলিটি নির্ভর করে মূলত শুক্রাণুর সংখ্যা, গুণগত মান, চলনক্ষমতা এবং গঠনগত বৈশিষ্ট্যের ওপর। এসব বিষয় ঠিক থাকলে শুক্রাণুর পক্ষে ডিম্বাণু পর্যন্ত পৌঁছানো এবং নিষিক্ত করা সহজ হয়। তবে কিছু শারীরিক সমস্যা, বয়স এবং দৈনন্দিন জীবনের কয়েকটি অভ্যাস পুরুষের প্রজননক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সামান্য অসচেতনতা থেকেও দেখা দিতে পারে শুক্রাণুর গুণগত মানের অবনতি। তাই প্রজননস্বাস্থ্য ভালো রাখতে জীবনযাপনে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি।

যেসব কারণে কমতে পারে পুরুষের প্রজননক্ষমতা

পুরুষের প্রজননস্বাস্থ্যে বিভিন্ন শারীরিক সমস্যা প্রভাব ফেলতে পারে। হরমোনের ভারসাম্যহীনতা, ভ্যারিকোসিল (অণ্ডথলির ভেতরের শিরা অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া), প্রজননতন্ত্রের সংক্রমণ, অণ্ডকোষ স্বাভাবিক অবস্থানে না নামা, ডায়াবেটিস এবং কিছু জিনগত সমস্যা শুক্রাণু উৎপাদন ও কার্যকারিতায় বাধা সৃষ্টি করতে পারে।

শারীরিক সমস্যার পাশাপাশি জীবনযাপনের অভ্যাসও গুরুত্বপূর্ণ। ধূমপান, অতিরিক্ত মদ্যপান, স্থূলতা, দীর্ঘস্থায়ী মানসিক চাপ এবং পরিবেশের বিষাক্ত উপাদানের সংস্পর্শে থাকলে শুক্রাণুর গুণমান ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ ক্ষেত্রে বয়সও একটি গুরুত্বপূর্ণ বিষয়। পুরুষেরা বেশি বয়সেও সন্তান জন্মদানে সক্ষম থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বীর্যের গুণগত মান কমতে পারে। পাশাপাশি শুক্রাণুর ডিএনএতে ক্ষতির ঝুঁকি এবং গর্ভাবস্থাসংক্রান্ত কিছু জটিলতার আশঙ্কাও বাড়তে পারে।

অর্থাৎ, পুরুষের প্রজননক্ষমতা কেবল একটি বিষয়ের ওপর নির্ভরশীল নয়। হরমোন, শারীরিক অবস্থা, জিনগত বৈশিষ্ট্য এবং জীবনযাপনের অভ্যাস—সবকিছুর সম্মিলিত প্রভাব রয়েছে এতে।

প্রজননক্ষমতা ভালো রাখতে যে ৬ অভ্যাস জরুরি

প্রজননস্বাস্থ্য ভালো রাখতে স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নেই। দৈনন্দিন কিছু অভ্যাসে পরিবর্তন এনে শুক্রাণুর গুণমান এবং শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা পাওয়া যেতে পারে।

১. সুষম ও পুষ্টিকর খাবার খান

খাদ্যতালিকায় তাজা ফলমূল, শাকসবজি, গোটা শস্য, বাদাম ও বিভিন্ন ধরনের বীজ রাখুন। অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবারের পাশাপাশি জিঙ্ক, সেলেনিয়াম, ফোলেট এবং ভিটামিন সি ও ই শরীরের স্বাভাবিক প্রজননস্বাস্থ্য বজায় রাখতে ভূমিকা রাখে।

২. শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন

অতিরিক্ত ওজন বা স্থূলতা টেস্টোস্টেরন হরমোনের মাত্রা এবং শুক্রাণুর গুণমানকে প্রভাবিত করতে পারে। তাই নিয়মিত শরীরচর্চা, পরিমিত খাবার গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি।

৩. ধূমপান ও অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন

ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ শুক্রাণুর সংখ্যা, চলনক্ষমতা এবং প্রজননসংক্রান্ত হরমোনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে নেশাজাতীয় মাদক থেকেও দূরে থাকা প্রয়োজন।

৪. অতিরিক্ত তাপ থেকে অণ্ডকোষকে সুরক্ষিত রাখুন

দীর্ঘ সময় অতিরিক্ত তাপের সংস্পর্শে থাকলে শুক্রাণু উৎপাদন ব্যাহত হতে পারে। ঘন ঘন অতিরিক্ত গরম পানিতে গোসল কিংবা কর্মক্ষেত্রে দীর্ঘক্ষণ উচ্চ তাপমাত্রায় থাকার মতো বিষয়গুলোতে সতর্ক থাকা উচিত।

৫. মানসিক চাপ কমান, পর্যাপ্ত ঘুমান

দীর্ঘস্থায়ী মানসিক চাপ ও অপর্যাপ্ত ঘুম শরীরের হরমোনের ভারসাম্য এবং যৌনস্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। তাই নিয়মিত ঘুম, শরীরচর্চা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তুলুন।

৬. চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বা সাপ্লিমেন্ট নয়

প্রজননক্ষমতা বাড়ানোর আশায় নিজের ইচ্ছামতো ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে অ্যানাবলিক স্টেরয়েড ও টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট শরীরের স্বাভাবিক শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। কিছু ক্ষেত্রে এর ফলে প্রজননক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

পুরুষের প্রজননক্ষমতা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

Manual1 Ad Code

প্রজননস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়লেও পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে সমাজে এখনো নানা ভুল ধারণা ও সংকোচ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, সন্তান ধারণের সমস্যা কেবল নারীর কারণে হয়। বাস্তবে সন্তান ধারণের ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ের প্রজননস্বাস্থ্যই সমান গুরুত্বপূর্ণ।

আরেকটি ভুল ধারণা হলো, যৌন সক্ষমতা ভালো থাকলেই পুরুষের প্রজননক্ষমতা স্বাভাবিক থাকে। কিন্তু যৌন সক্ষমতা ও প্রজননক্ষমতা এক বিষয় নয়। একজন পুরুষের যৌনজীবন স্বাভাবিক হলেও তাঁর শুক্রাণুর সংখ্যা কম কিংবা চলনক্ষমতা দুর্বল হতে পারে। অনেক ক্ষেত্রে এ ধরনের সমস্যার কোনো দৃশ্যমান লক্ষণও থাকে না।

Manual1 Ad Code

এ ছাড়া বন্ধ্যাত্বের সমস্যা একবার দেখা দিলে তা আর ভালো হয় না—এমন ধারণাও সঠিক নয়। পুরুষের প্রজননক্ষমতা-সংক্রান্ত অনেক সমস্যাই চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ বা সমাধান করা সম্ভব। সমস্যার কারণ অনুযায়ী ওষুধ, জীবনযাত্রায় পরিবর্তন কিংবা সহায়ক প্রজননপ্রযুক্তির মাধ্যমে সন্তান ধারণের সুযোগ তৈরি হতে পারে।

পুরুষের প্রজননস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হলো ‘মুভেম্বর’। এ উদ্যোগের মূল লক্ষ্য পুরুষের স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা। পরিবার, কর্মক্ষেত্র ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোরও উচিত এমন পরিবেশ তৈরি করা, যেখানে পুরুষেরা সংকোচ ছাড়াই নিজেদের স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলতে পারেন।

কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি?

কোনো দম্পতি নিয়মিত অসুরক্ষিত যৌনসম্পর্কের পরও সন্তান ধারণে সফল না হলে প্রজননস্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। সাধারণত ১২ মাস চেষ্টা করার পরও সন্তান না এলে উভয়েরই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। তবে নারী সঙ্গীর বয়স ৩৫ বছর বা তার বেশি হলে ছয় মাস চেষ্টা করার পরই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আগে থেকে প্রজননস্বাস্থ্য-সংক্রান্ত কোনো সমস্যা বা শারীরিক ঝুঁকি থাকলে আরও আগেই চিকিৎসা নেওয়া প্রয়োজন।

পুরুষের প্রজননক্ষমতা যাচাইয়ের প্রাথমিক পরীক্ষা হলো সিমেন অ্যানালিসিস বা বীর্য পরীক্ষা। এ পরীক্ষায় শুক্রাণুর ঘনত্ব, চলনক্ষমতা, গঠন এবং বীর্যের অন্যান্য বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা হয়।

পরীক্ষার ফলাফল অনুযায়ী চিকিৎসক প্রয়োজনে হরমোন পরীক্ষা, শারীরিক পরীক্ষা, অণ্ডথলির আলট্রাসাউন্ড কিংবা জিনগত পরীক্ষার পরামর্শ দিতে পারেন।

Manual4 Ad Code

ভ্যারিকোসিল, হরমোনের ভারসাম্যহীনতা ও প্রজননতন্ত্রের সংক্রমণের মতো সমস্যার ক্ষেত্রে কারণ অনুযায়ী ওষুধ কিংবা অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। আবার যেসব পুরুষের শুক্রাণু উৎপাদন বা কার্যকারিতা অত্যন্ত কম, তাঁদের ক্ষেত্রে আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) এবং আইসিএসআই (ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন)-এর মতো সহায়ক প্রজননপ্রযুক্তি বিবেচনা করা হয়।

Manual4 Ad Code

পুরুষের প্রজননস্বাস্থ্য ভালো রাখতে সচেতন জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান ধারণের সমস্যা দেখা দিলে সংকোচ না করে নারী ও পুরুষ উভয়েরই প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত।