নিজস্ব প্রতিবেদক:- কড়া নিরাপত্তা মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হলো প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে মৌলভীবাজার জেলা ও উপজেলাগুলোতে পূজামণ্ডপে ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনু নদীর ঘাটে গিয়ে শেষ হয়।
বৈরী আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী ও দর্শনার্থীরা বিভিন্ন পয়েন্টে জড়ো হন।
সেখানে দুর্গাদেবীর প্রতিমাসহ অন্যান্য প্রতিমাগুলোকে ধূপ ও মোমবাতি জ্বালিয়ে, মিষ্টিমুখ করে এবং পূজা-অর্চনার মাধ্যমে নদীতে বিসর্জন দেওয়া হয়। এবং দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
ভক্তরা চোখের জলে “আসছে বছর আবার হবে” ধ্বনি তুলে মাতৃমূর্তিকে বিদায় জানান। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও বাঙালির হৃদয়ে উৎসবের আবহ বহমান থাকে।
বিসর্জনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পয়েন্টে র্যাব, পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়। জরুরি সহায়তায় ছিলো জেলা প্রশাসনের সমন্বিত কন্ট্রোল রুম।