|
প্রকাশিত:Tuesday, 27 Oct 2026 11:10
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ট্রাইব্যুনালের পাওয়া তথ্য যাচাই-বাছাই করছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স। এ কারণে হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দাখিল করে তদন্ত প্রতিবেদন জমা দিতে ফের সময় চেয়েছে বিশেষ এই তদন্ত দল।
মঙ্গলবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। বিষয়টি বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আদেশের জন্য রয়েছে। তবে এর আগের দিনই সময় চেয়ে আবেদন করেছে টাস্কফোর্স। দাখিল করা অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করে।
তবে ৬ এপ্রিল উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি থাকায় এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এরপর ২২ এপ্রিল, ২৩ অক্টোবর ও চলতি বছরের ২৬ এপ্রিল রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তিন দফায় আরও ছয় মাস করে সময় দেওয়া হয়। এর ধারাবাহিকতায় রিট আবেদনটি আবারও কার্যতালিকায় ওঠে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766