ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

প্রকাশিত:Monday, 26 Oct 2026 08:10

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

Manual1 Ad Code

সুরমাভিউ:-  নগরের ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিতকরণ এবং ভবন মালিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নির্মাণাধীন বহুতল ও নিচু ভবনে সরেজমিনে এই পরিদর্শন কার্যক্রম চালানো হয়।

Manual7 Ad Code

পরিদর্শনকালে বহুতল ও সাধারণ ভবনগুলো অনুমোদিত নকশা এবং ইমারত নির্মাণ বিধিমালা মেনে তৈরি হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। একই সাথে ভবনের মূল অনুমোদন গ্রহণ এবং কাজ শেষে ব্যবহারের উপযোগিতা সংক্রান্ত অনুমোদনপত্র বা ‘অকুপেন্সি সার্টিফিকেট’ নেওয়ার বিষয়ে জোর দেন সিউকের কর্মকর্তারা। সিউকের পরিদর্শন দলটি নগরের কাজলশাহ, বাগবাড়ি, মদিনা মার্কেট, জালালাবাদ ও আম্বরখানা—এই পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টের বেশ কয়েকটি ভবন ঘুরে দেখে।

ইমারত বিধিমালা পালনে জিরো টলারেন্স নীতি ঘোষণার কথা জানিয়ে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “সিলেট শহরকে পরিকল্পিত ও ঝুঁকিমুক্ত একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে নকশাবহির্ভূত কোনো ভবন নির্মাণ করা হলে সিউক তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। বিধি মেনে সঠিক নকশায় ভবন তৈরি করা যেমন নাগরিকদের নিরাপত্তার জন্য জরুরি, তেমনি নির্মাণকাজ শেষে নিয়ম মেনে ‘অকুপেন্সি সার্টিফিকেট’ নেওয়াও বাধ্যতামূলক। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিবেশবান্ধব নগর গঠনে আমরা সকল ভবনমালিক ও নগরবাসীর পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।”

Manual5 Ad Code

পরিদর্শনকালে সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিউক সূত্রে জানানো হয়েছে, নগরের নিরাপত্তা ও সুপরিকল্পিত আবাসন নিশ্চিত করতে পর্যায়ক্রমে সিলেট শহরের প্রতিটি নির্মাণাধীন ভবনে এ ধরণের মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে।

Manual5 Ad Code

এদিকে নিয়মমাফিক ভবন নির্মাণে সিউকের এই মাঠপর্যায়ের পরিদর্শন ও তদারকিমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ নগরবাসী ও দায়িত্বশীল ভবনমালিকরা।

এ সংক্রান্ত আরও সংবাদ