নিহত আব্দুর রহমান সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের মৃত হাজী ইসরাক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখার গল্লাসাঙ্গন গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে কাতারপ্রবাসী মুন্না আহমদের সঙ্গে আব্দুর রহমানের এক মেয়ের বিয়ে হয়েছে। দীর্ঘদিন ধরে মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধ মীমাংসা করতে বৃহস্পতিবার রাতে আব্দুর রহমান মেয়ের শ্বশুরবাড়িতে যান।
এ সময় পূর্বশত্রুতার জেরে তাঁর মেয়ের দেবর ওমর ফারুক অতর্কিতে দা দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রহমানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান শুক্রবার বিকেলে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ দাফনের পর তাঁরা হত্যার ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।