১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ০৩ অক্টো ২০২৬ ০৯:১০
সুরমাভিউ:- সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের কথিত অযাচিত হয়রানি, মাত্রাতিরিক্ত রেকার বিল ও মামলা প্রদান এবং পর্যাপ্ত পার্কিং স্থানের তীব্র সংকট নিরসনের দাবিতে একযোগে আন্দোলনের মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে অটোরিকশা মালিক ও শ্রমিকদের যৌথ সংগঠন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-৭০৭)-এর প্রধান কার্যালয়ে ‘সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি’ এবং ‘সিলেট জেলা অটো টেম্পু/অটোরিকশা চালক শ্রমিক জোট (রেজিঃ নং ২০৯৭)’-এর নেতৃবৃন্দকে নিয়ে এক যৌথ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর কেন্দ্রীয় সভাপতি মোঃ জাকারিয়া আহমদের সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, কার্যকরী সভাপতি মোঃ জামিল আহমেদ লিটন, সিলেট জেলা অটোরিকশা চালক শ্রমিক জোট (২০৯৭) সভাপতি মোঃ মতাছির আলী, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭) সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাব চৌধুরী, এম বরকত আলী, রাজা আহমেদ রাজা, রফিকুল ইসলাম, আসকর আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, অনতিবিলম্বে এসব সমস্যা সমাধান ও দাবিনামা পেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। এতেও কাজ না হলে আগামী দুই-তিন দিনের মধ্যে মানববন্ধন, সুবিশাল মালিক-শ্রমিক সমাবেশ এবং সর্বাত্মক কর্মবিরতির মতো কঠোর ও চূড়ান্ত আন্দোলন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এছাড়া উক্ত যৌথ পরামর্শ সভায় ৭০৭, ২০৯৭ এবং সিলেট জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির বিপুল সংখ্যক সর্বস্তরের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766