১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৭ জানু ২০২৬ ০৭:০১
নিজস্ব প্রতিবেদক:- নির্বাচনী প্রচারণার চেনা ভাষায় নয়, মানুষের জীবনের গল্প শুনতেই যেন এবার মাঠে নেমেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নগরীর সুবিদবাজার ৭ নম্বর ওয়ার্ডে তার গণসংযোগ ছিল একেবারেই ভিন্ন আবহে। বাজারের ভিড়, রাস্তার ধুলো, রিকশার পাশে দাঁড়িয়ে—সবখানেই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। কারও অভিযোগ শোনেন, কারও অভাবের কথা মনোযোগ দিয়ে শোনেন, আবার কারও হাতে তুলে দেন হাতপাখার লিফলেট।
এই গণসংযোগে আনুষ্ঠানিক বক্তব্যের চেয়ে ছিল মানুষের সঙ্গে মুখোমুখি আলাপ। শ্রমজীবী মানুষ, ছোট ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন,
“আমি ভোট চাইতে নয়, মানুষের কথা শুনতেই বের হয়েছি। রাজনীতি যদি মানুষের পাশে না দাঁড়ায়, তাহলে সেই রাজনীতির দরকার নেই।”
তার কথাবার্তা ও আচরণে উপস্থিত অনেকের মধ্যেই আগ্রহ ও কৌতূহল দেখা যায়। কেউ দাঁড়িয়ে শোনেন, কেউ আবার নিজের সমস্যার কথা খুলে বলেন।
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন। তারা জানান, আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই এবার মূল লক্ষ্য।
নেতৃবৃন্দ আরও জানান, আগামী দিনগুলোতে বাজার, পাড়া-মহল্লা ও জনবহুল এলাকায় এ ধরনের সরাসরি যোগাযোগমূলক গণসংযোগ আরও বাড়ানো হবে, যাতে হাতপাখার বার্তা মানুষের জীবনের সঙ্গে যুক্ত হয়ে যায়।
Helpline - +88 01719305766