১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৭ নভে ২০২৫ ১১:১১
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেনকে বদলি করেছে পুলিশ প্রশাসন। তার স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক খান মুহাম্মদ মাইনুল জাকির। নতুন ওসি জাকির সম্প্রতি সিআইডি ঢাকা থেকে বদলি হয়ে এসএমপিতে যোগদান করেন।
বদলির বিষয়টি বুধবার এসএমপির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানা গেছে। দপ্তর আদেশ অনুযায়ী বদলিটি জনস্বার্থে এবং অবিলম্বে কার্যকর করা হয়েছে।
এদিকে, শাহপরাণ থানার তৎকালীন ওসি মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল বলে স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, থানায় দায়েরকৃত বেশ কিছু মামলার আসামিদের গ্রেপ্তার করতে তিনি উদাসীন ছিলেন। চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড তার সামনে ঘটলেও তিনি সেগুলো দেখেও উপেক্ষা করতেন-এমন দাবি করেছেন স্থানীয়দের একটি অংশ।
সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানায়, বিভিন্ন অনিয়ম, দায়িত্ব পালনে গাফিলতি এবং অভিযোগের ভিত্তিতে বিষয়গুলো পর্যালোচনা করে তাকে বদলি করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে এসএমপি আনুষ্ঠানিকভাবে অভিযোগগুলো সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
বদলি হওয়া ওসি মনির হোসেনকে সদর ও প্রশাসন বিভাগের অধীনে অপরাধ শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে পদায়ন করা হয়েছে। স্থানীয়রা পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
Helpline - +88 01719305766