৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

প্রকাশিত:সোমবার, ০৩ নভে ২০২৫ ০৮:১১

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

Manual5 Ad Code

উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফের কাছে সোমবার ভোরে ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খোলম এলাকার নিকটে, ভূমি থেকে প্রায় ২৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের সময় স্থানীয় সময় ভোররাত হওয়ায় অনেক মানুষ ঘুমের মধ্যে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। ফরাসি সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাতের অন্ধকারে মানুষ দিশেহারা হয়ে ঘর থেকে বেরিয়ে আসে।’

Manual7 Ad Code

প্রাথমিকভাবে হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।

Manual5 Ad Code

ইউএসজিএসের স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থায় ভূমিকম্পটিকে ‘অরেঞ্জ অ্যালার্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কার ইঙ্গিত দেয়।

প্রায় ৬৫ হাজার মানুষের বসবাস খোলম শহরে, আর মাজার-ই-শরিফে বাস করে ৫ লাখেরও বেশি মানুষ। কাঁচামাটির তৈরি ঘরবাড়ি ও দুর্বল অবকাঠামোর কারণে আফগানিস্তানে ভূমিকম্পে প্রায়ই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এর আগে গত আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬.০ মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

Manual7 Ad Code

হিন্দুকুশ পর্বতমালার পাদদেশে অবস্থিত আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই কম্পন অনুভূত হয়। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর আফগানিস্তানে গড়ে ৫৬০ জন মানুষ ভূমিকম্পে প্রাণ হারায় এবং প্রায় ৮ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়।

১৯৯০ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে ৫.০ মাত্রার বেশি শক্তির অন্তত ৩৫৫টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যা দেশটির ভৌগোলিক ঝুঁকিপূর্ণ অবস্থাকে আরও স্পষ্ট করে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ