সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির বক্তব্য

প্রকাশিত:শনিবার, ০৫ এপ্রি ২০২৫ ০৩:০৪

সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির বক্তব্য

Manual5 Ad Code

প্রিয় সাংবাদিক বন্ধুগণ,

আসসালামু আলাইকুম। সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। একই সঙ্গে, আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই শুভক্ষণে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে জনসমক্ষে উপস্থাপন করতে চাই।

বিএনপির রমজান মাসের কর্মসূচি:

পবিত্র রমজান মাসের মহিমান্বিত সময়ে বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলার প্রতিটি উপজেলা- পৌরসভার ইউনিয়ন-ওয়ার্ড, গ্রাম, মহানগরীর প্রতিটি থানা, ওয়ার্ড, পাড়া-মহল্লায় দোয়া ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

Manual6 Ad Code

এই আয়োজনের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের আরও কাছাকাছি যেতে পেরেছি। অত্যন্ত সৌহার্দপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। এসময় আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও একটি নতুন আগামীর প্রতি জনগণের প্রত্যাশা প্রত্যক্ষ করেছি।

কৃতজ্ঞতা ও ধন্যবাদ:

এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি, যাঁরা আমাদের আয়োজনে উপস্থিত ছিলেন, সহযোগিতা করেছেন এবং উৎসাহ দিয়েছেন, তাঁদের প্রতিও আমরা কৃতজ্ঞ। বিশেষভাবে, সাংবাদিক বন্ধুরা আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে যে অবদান রেখেছেন, তাঁদের প্রতিও আমাদের আন্তরিক ধন্যবাদ।

জনসমর্থন ও দলের অঙ্গীকার:

এই আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা, আগ্রহ ও সমর্থন আরও স্পষ্ট হয়েছে, যা আমাদের ভবিষ্যতের পথচলায় শক্তি ও অনুপ্রেরণা যোগাবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, গণতন্ত্রের ধারাবাহিকতা ও একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, এসব বিষয়ে জনগণের আগ্রহ লক্ষণীয় ছিল। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় হয়েছে।

গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি:

গত জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ‘ঈদ উপহার’ দিয়ে আমরা সিলেট জেলা ও মহানগর বিএনপি তাঁদের পাশে দাঁড়িয়েছি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা:

ঈদুল ফিতরের ছুটিতে মানুষের আনন্দ-উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতার ফলে সিলেট মহানগরী ও জেলার প্রতিটি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। বিশেষ করে থানা পুলিশ, র‍্যাব, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার, ডিবি, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি এবং রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সকল বাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

চা শিল্পের সংকট ও বিএনপির ভূমিকা:

আমরা লক্ষ্য করেছি, চা শিল্প সিলেটকে কেন্দ্র করে গড়ে উঠলেও, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একসময় বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত ছিল এই চা শিল্প, অথচ আজ তা ধ্বংসের দ্বারপ্রান্তে। চা-শ্রমিকরা চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন-কেউ অনাহারে, কেউ অর্ধাহারে।

আমরা বাগান মালিকপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানাই, চা শিল্প রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। মালিকপক্ষ, সরকার ও শ্রমিক সংগঠন একসঙ্গে কাজ করলে এই শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব।

সিলেট জেলা ও মহানগর বিএনপি উদ্যোগ নিয়েছিল, বিশেষ করে রমজান মাসে চা-শ্রমিকদের জন্য আহার সংস্থানের। আমরা সফলভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করেছি। বিএনপি আগেও শ্রমজীবী মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। চা শিল্প রক্ষায় এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা পাশে থাকব।

Manual5 Ad Code

দলের শৃঙ্খলা ও কঠোর অবস্থান:

বিএনপি একটি জনভিত্তিক রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং লাখো নেতাকর্মীর দীর্ঘ সংগ্রামের ফসল আজকের বিএনপি। তাই দলের ঐক্য ও শৃঙ্খলা রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন-কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন কিংবা বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তিনি একাধিক সাংগঠনিক পদক্ষেপ নিয়েছেন, যা তাঁর শৃঙ্খলার প্রতি কঠোর অবস্থানের প্রমাণ। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই-কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে দলের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া হবে না। যারা দলের নিয়ম লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা দলের বাইরে থেকে বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের প্রতি অনুরোধ:

আমরা সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাই-একজন ব্যক্তির অনৈতিক কাজকে পুরো দলের ওপর চাপিয়ে দেবেন না। সমালোচনা করুন, প্রশ্ন তুলুন, কিন্তু ন্যায়বিচার করুন। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আমরা কঠোর এবং ভবিষ্যতেও কঠোর থাকবো।

Manual3 Ad Code

ভবিষ্যৎ পরিকল্পনা:

আমরা আশাবাদী, আগামী দিনগুলোতেও বিএনপি জনগণের পাশে থাকবে এবং তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

পরিশেষে:
সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে সবাইকে আবারও ঈদ মোবারক ও আন্তরিক ধন্যবাদ জানাই।

বাংলাদেশ – জিন্দাবাদ।
শহীদ জিয়াউর রহমান – অমর হোক
দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ
জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ