১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১২ আগ ২০২২ ০৫:০৮
সুরমাভিউ:- জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, গণপরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বোচিত হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা বিএনপি।
শুক্রবার বিকেলে সিলেট কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- ক্ষুদ্র ঋণ ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম যখন কমছে তখন বাংলাদেশের সরকার প্রায় দ্বিগুন পরিমানে জ্বালানী তেলের দাম বাড়িয়েছে। এটি একটি গণবিরোধী সিদ্ধান্ত। এর বিরুদ্ধে ইতিমধ্যেই জনগন ফুঁসে উঠেছে। সরকার একদিকে অন্যায় সিদ্ধান্ত গ্রহন করছে, অন্যদিকে প্রতিবাদ করলে জনগণের উপর গুলি চালিয়ে তাদেরকে হত্যা করছে।ইতিমধ্যে দুটি তাজা প্রাণ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে।এই অত্যাচার আজ ঘরে ঘরে এই অত্যাচার পৌঁছে গিয়েছে এবং তারা ধীরে ধীরে প্রতিবাদে ফুঁসে উঠছে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ জনগণ ও দেশের অর্থনীতির ওপরে ভয়াবহ প্রভাব পড়েছে, দেশ পড়েছে চরম সংকটে। এই সংকট নিরসনে আওয়ামীলীগের পদত্যাগ করার কোন বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আওয়ামীলীগ বার বার তেল, গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করছে। তারা জনগনের ভোটে নির্বাচিত না হওয়ার কারনে জনগনের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগকে প্রতিহত করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামীলীগের দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। অযোগ্য সরকারের দেশবিরোধী অপরিকল্পিত অর্থনৈতিক পরিকল্পনার কারনে দেশ আজ গভীর সংকটে। গত ১৩ বছরে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচারের ফলে দেশ এখন দেউলিয়া হওয়ার পাথে। আওয়ামীলীগ বলছে দেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, বাস্তবে দেশ শ্রীলঙ্কার পরিস্থিতির দিকে যাচ্ছে। আন্তর্জাতিক গবেষনা সংস্থার রিপোর্ট অনুযায়ী দেশ পর্যাপ্ত পরিমানের গ্যাসের মওজুদ আছে। তার পরও গ্যাস ও ডিজেলের সংকট দেখিয়ে দেশের বিদ্যৎ উৎপাদন কমিয়ে দেয়া হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি দেশে দেশকে বাঁচতে হলে আওয়ামীলীগকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে। ইনশাআল্লাহ আওয়ামীলীগকে বিদায় না করে আমরা ঘরে ফিরে যাব না।
Helpline - +88 01719305766