চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রাজু সম্পাদক মুকেশ নির্বাচিত

প্রকাশিত:Sunday, 29 Nov 2026 12:11

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রাজু সম্পাদক মুকেশ নির্বাচিত

Manual4 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  দীর্ঘ প্রায় আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পঙ্কজ কন্দ পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিন্দি পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট। এ পদে অপর প্রার্থী নিপেন পাল পেয়েছেন ২৩ হাজার ২০৩ ভোট।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন কার্যকরী সহসভাপতি মিঠুন কালোয়ার, সহসভাপতি মিঠুন সিংহ রাউতিয়া-২, নারী সহসভাপতি শিমুল কর্মকার, যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌহান, নারী সহসাধারণ সম্পাদক সোনামনি তাঁতী এবং অর্থ সম্পাদক সনত গোয়ালা।
এর আগে শনিবার সকাল ৮টা থেকে মৌলভীবাজারের ১৩৫টিসহ দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে প্রায় ১ লাখ ৪৮ হাজার চা শ্রমিকের ভোট দেওয়ার কথা ছিল।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এবার কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর দুটি এবং সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।
সভাপতিমণ্ডলীর প্যানেল-১ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের পঙ্কজ কন্দ। এ প্যানেলে কার্যকরী সভাপতি পদে নির্মল পাইনকা, সহসভাপতি পদে জেসমিন আক্তার এবং নারী সহসভাপতি পদে সুভদ্রা মুন্ডা প্রতিদ্বন্দ্বিতা করেন।
অন্যদিকে প্যানেল-২ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা। এ প্যানেলে কার্যকরী সভাপতি পদে মিঠুন কালোয়ার, সহসভাপতি পদে মিঠুন সিংহ রাউতিয়া-২ এবং নারী সহসভাপতি পদে শিমুল কর্মকার প্রতিদ্বন্দ্বিতা করেন।
সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন হবিগঞ্জের চান্দপুর চা বাগানের নিপেন পাল, আমু চা বাগানের মুকেশ কর্মকার এবং মৌলভীবাজারের জাগছড়া চা বাগানের পরেশ কালিন্দি।
নির্বাচনে বিজয়ীদের পাশাপাশি দেশের সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য অন্তর্ভুক্ত করে ৩০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। একই দিনে দেশের সাতটি ভ্যালি কমিটি এবং ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ