বড়লেখায় শিতল বাবুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রচারের প্রতিবাদ, সায়ফুরের সংবাদ সম্মেলন

প্রকাশিত:Saturday, 28 Nov 2026 02:11

বড়লেখায় শিতল বাবুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রচারের প্রতিবাদ, সায়ফুরের সংবাদ সম্মেলন

Manual8 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমি দখল ও চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ প্রচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন উপজেলা চত্বরের ‘ইত্যাদি স্টোর’-এর স্বত্বাধিকারী সায়ফুর রহমান। তাঁর দাবি, শিতল বাবু নামের এক ব্যক্তি তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ প্রচার করছেন। শুক্রবার দুপুরে বড়লেখা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঘটনার সাক্ষী ও ব্যবসায়ী এবাদুর রহমান, উজ্জ্বল আহমদ, কবির আহমদ, তারেক আহমদ, জাফর আহমদসহ আরও অনেকে।
লিখিত বক্তব্যে সায়ফুর রহমান জানান, তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের পাশের ‘পাল ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী সুমন পাল ব্যবসা সম্প্রসারণের কথা বলে বড়লেখা বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বড় অঙ্কের টাকা ধার নেন। তাঁর অনুরোধে তিনিও চুক্তিপত্রের মাধ্যমে সুমন পালের সঙ্গে আর্থিক লেনদেন করেন। একপর্যায়ে সুমন পাল ব্যবসার পরিধি আরও বাড়ানোর জন্য তাঁর ক্রয়কৃত কাঠালতলী মৌজার সাড়ে ৫৫ শতাংশ জমি বিক্রির প্রস্তাব দেন। পরে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি স্থাপনাসহ জমিটির মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করে বায়নাপত্র সম্পাদন করা হয়। এ সময় তিনি ১৬ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন এবং সুমন পাল তাঁকে জমির দখল বুঝিয়ে দেন। বায়নাপত্রের শর্ত অনুযায়ী, ছয় মাসের মধ্যে অবশিষ্ট টাকা পরিশোধের মাধ্যমে জমির দলিল রেজিস্ট্রি করে দেওয়ার অঙ্গীকার করা হয়।
কিন্তু একই বছরের ৩১ মার্চ সুমন পাল তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আত্মগোপন করেন। এ খবর ছড়িয়ে পড়লে তাঁর কাছ থেকে টাকা পাওনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সেখানে ভিড় করেন। পরবর্তী সময়ে ৩০ এপ্রিল একটি জাতীয় দৈনিকের শেষ পৃষ্ঠায় ‘বড়লেখায় কোটি টাকা নিয়ে উধাও ডিলার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে শিতল বাবুর বক্তব্য উল্লেখ করা হয়। তিনি প্রতিবেদককে জানিয়েছিলেন, সুমন পালের সঙ্গে প্রায় দুই বছর ধরে তাঁর ব্যবসায়িক লেনদেন ছিল এবং সুমনের কাছে ধার দেওয়া প্রায় ১২ লাখ টাকা ২৭ মার্চ পরিশোধ করার কথা থাকলেও ওই তারিখ থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সায়ফুর রহমান আরও জানান, বায়নাপত্রের মাধ্যমে জমির দখল বুঝে পাওয়ার পর তিনি জমিটির পরিচর্যা করছিলেন। এ সময় হঠাৎ রীনা রানী ধর, শিতল বাবু ও চয়ন ধর নামের ব্যক্তিরা তাঁকে ওই জমি থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেন। তাঁরা দাবি করেন, রীনা রানী ধর সুমন পালের কাছ থেকে জমিটি কিনেছেন। সায়ফুর রহমান প্রশ্ন তোলেন, সুমন পাল আত্মগোপনে থাকা অবস্থায় কীভাবে রীনা রানী ধরকে ওই জমি রেজিস্ট্রি করে দিলেন? বিষয়টি তাঁর কাছে রহস্যজনক বলে দাবি করেন তিনি।
তিনি জানান, বায়নাকৃত জমির দখল নিতে ব্যর্থ হয়ে রীনা রানী ধর বড়লেখা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন (নং-৫০/২০২৩, বড়)। ওই মামলায় শিতল বাবু গং সাক্ষী ছিলেন। পরবর্তী সময়ে আদালত মামলাটি খারিজ করে দেন। এরপর রীনা রানী ধর গংদের বিরুদ্ধে দলিল জালিয়াতির অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর-৪০১/২০২৩ নম্বর মামলা করেন তিনি। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে সায়ফুর রহমান উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, জমি নিয়ে মামলা বিচারাধীন থাকা এবং জমিটি তাঁর দখলে থাকা সত্ত্বেও প্রতিপক্ষের সম্পাদিত বিতর্কিত দলিলের ভিত্তিতে কীভাবে বারবার জমির নিবন্ধন ও নামজারি সম্পন্ন হয়েছে, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সায়ফুর রহমান বলেন, সম্প্রতি শিতল বাবু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে ভূমি দখল ও চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ প্রচার করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও দাবি করেন, শিতল বাবু নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে দেওয়া বক্তব্যে মানিলন্ডারিংসহ ১৩টি মামলার আসামি বলে উল্লেখ করেছেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি তাঁর বিরুদ্ধে অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ