|
প্রকাশিত:Friday, 27 Nov 2026 10:11
সুরমাভিউ:- দীর্ঘ এক বছরের বিরতি শেষে আবারও উন্মুক্ত ময়দানে তাফসিরুল কুরআনের মাহফিলে ফেরার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। রাজশাহীর মাহফিলের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে তাঁর নতুন দাওয়াতি সফর। তাঁর এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে আট বিভাগের পরিবর্তে দেশের গুরুত্বপূর্ণ ৫০-৬০টি জেলায় তাফসিরুল কুরআনের মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সিলেট জেলা শাখার সেক্রেটারি মাওলানা সাদিক সিকানদার।
মিজানুর রহমান আজহারীর উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি এ আহ্বান জানান।
চিঠিতে মাওলানা সাদিক সিকানদার বলেন, দীর্ঘ বিরতি শেষে আজহারীর মাহফিলে ফেরার সংবাদ তাঁর অসংখ্য ভক্ত, শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীর মতো তাঁকেও আনন্দিত করেছে। মহান আল্লাহ যেন তাঁর দাওয়াতি কার্যক্রমে বরকত দান করেন—এ কামনাও করেন তিনি।
চিঠিতে তিনি উল্লেখ করেন, আজহারী বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসার মানুষ। দেশের প্রত্যন্ত অঞ্চলেও তাঁর অসংখ্য ভক্ত-শ্রোতা রয়েছেন। অনেকেই জীবনে অন্তত একবার তাঁকে সরাসরি দেখতে এবং তাঁর মুখে পবিত্র কুরআনের তাফসির শুনতে চান। কিন্তু বিভাগীয় একটি মাহফিলে একাধিক জেলা থেকে মানুষের সমাগম হওয়ায় লাখো মানুষের ভিড়, যানজট, যাতায়াত, থাকা-খাওয়া এবং অজু-ইস্তিঞ্জাসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে সাধারণ মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।
তাঁর মতে, প্রতিটি জেলায় সম্ভব না হলেও অন্তত বৃহত্তর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলে মানুষের ভোগান্তি কমবে এবং আরও বেশি মানুষ সরাসরি তাফসির শোনার সুযোগ পাবেন।
মাহফিল আয়োজনের আর্থিক ব্যয়ের বিষয়টিও চিঠিতে তুলে ধরেন মাওলানা সাদিক সিকানদার। তিনি বলেন, একটি বিভাগীয় মাহফিল আয়োজন করতে বিশাল মাঠ, প্যান্ডেল, ডিজিটাল স্ক্রিন, লাইটিং, সাউন্ড সিস্টেম, অজু-ইস্তিঞ্জা ও অন্যান্য ব্যবস্থাপনায় বিপুল অর্থ ব্যয় হয়। অনেক ক্ষেত্রে এসব আয়োজনের পেছনে কোটি টাকার কাছাকাছি অর্থ খরচ হয়। ফলে আয়োজকদের জন্য এত বিপুল অর্থ সংগ্রহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
তিনি মনে করেন, জেলাভিত্তিক তুলনামূলক ছোট পরিসরে একাধিক মাহফিল আয়োজন করা হলে ব্যয় অনেক কমে আসবে। স্থানীয় সংগঠকদের পক্ষেও আয়োজন করা সহজ হবে। একই অর্থ ও শ্রম দিয়ে আরও বেশি এলাকায় কুরআনের দাওয়াত পৌঁছে দেওয়া সম্ভব হবে।
চিঠিতে মাহফিলের শৃঙ্খলা ও পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। মাওলানা সাদিক বলেন, লাখো মানুষের উপস্থিতিতে অনেক সময় শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। হৈচৈ, চিৎকার, স্লোগান ও নানা ধরনের বিশৃঙ্খলার কারণে মাহফিলের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। এতে আলোচক যেমন মনোযোগ দিয়ে বক্তব্য রাখতে পারেন না, তেমনি শ্রোতারাও মনোযোগ দিয়ে তাফসির শুনতে পারেন না।
এ প্রসঙ্গে পবিত্র কুরআনের সুরা আল-আ’রাফের ২০৪ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কুরআন তিলাওয়াতের সময় মনোযোগ দিয়ে শোনা ও নীরব থাকার নির্দেশনা রয়েছে। তাই তাফসির মাহফিলে মানুষের সংখ্যা বাড়ানোর চেয়ে কুরআনের বাণী মনোযোগ ও আদবের সঙ্গে শোনার পরিবেশ নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ।
খোলা চিঠিতে তিনি আরও বলেন, প্রতিটি মাহফিলের মৌসুমে পরিকল্পিতভাবে অন্তত ৫০-৬০টি তাফসিরুল কুরআনের মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আটটি বিভাগে আটটি বিশাল আয়োজনের পরিবর্তে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় তুলনামূলক ছোট ও সুশৃঙ্খল মাহফিল করলে আজহারীর সময় ও শ্রমের যথাযথ ব্যবহার হবে, আয়োজকদের আর্থিক চাপ কমবে এবং দেশের আরও বেশি মানুষ উপকৃত হবেন।
মাওলানা সাদিক সিকানদার চিঠিতে আজহারীর উদ্দেশে বলেন, তাফসিরুল কুরআনের মাহফিলই তাঁর পরিচিতি ও জনপ্রিয়তার অন্যতম প্রধান ভিত্তি। এই মাহফিলের মাধ্যমেই তিনি লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাই তাফসিরের ময়দান সংকুচিত না করে দাওয়াতি কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।
চিঠির শেষাংশে তিনি বাংলাদেশের মানুষের মধ্যে দ্বীনি জাগরণ, নৈতিক পরিবর্তন ও কুরআনভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় তিনি মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তাফসির ও দাওয়াতি কার্যক্রমের কথাও স্মরণ করেন। তিনি বলেন, সাঈদী আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া কুরআনের দাওয়াতের ময়দান থেমে থাকতে পারে না। মানুষকে কুরআনের আলোয় উদ্বুদ্ধ করতে সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
সবশেষে মিজানুর রহমান আজহারীর সর্বাঙ্গীণ সফলতা ও কল্যাণ কামনা করেন মাওলানা সাদিক সিকানদার।
ইতি—মাওলানা সাদিক সিকানদার, সেক্রেটারি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, সিলেট জেলা।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766