৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১৫ ফেব্রু ২০২৬ ০৮:০২
চাচাতো ভাইয়ের মরদেহ আনতে গিয়ে নিজেই না ফেরার দেশে চলে গেলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা নাজমুল ইসলাম নিয়াজ (৫০)। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার ময়লার ভাগাড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
নিহত নাজমুল ইসলাম কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের আবু তালিবপুর এলাকার মৃত শামছুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় আল হেরা একাডেমির একজন শিক্ষক ছিলেন। তিনি দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামের মেজো ভাই।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমুল ইসলামের চাচাতো ভাই আব্দুল আহাদ সিলেট এয়ারপোর্ট এলাকায় বসবাস করতেন। তিনি ওই এলাকার একটি মসজিদের সাবেক ইমাম ছিলেন। বার্ধক্যজনিত কারণে শনিবার আব্দুল আহাদ মারা গেলে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসার জন্য ভোরে কুলাউড়া থেকে সিলেট রওনা হন নাজমুল ইসলাম।
পথিমধ্যে সিলেটের দক্ষিণ সুরমার ময়লার ভাগাড় এলাকায় পৌঁছালে নাজমুল ইসলামকে বহনকারী প্রাইভেট কারটিকে একটি দ্রুতগতির যানবাহন ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলেই নাজমুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় গাড়ির চালকসহ আরও দুজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
সাংবাদিক আজিজুল ইসলাম তাঁর ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক শিক্ষক ও সদালাপী মানুষের এমন আকস্মিক মৃত্যুতে কুলাউড়া ও জয়চন্ডী ইউনিয়ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক সমাজ।
Helpline - +88 01719305766