শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শহরের উত্তর কলিমাবাদ এলাকার লন্ডন প্রবাসী আরজু মিয়ার ছেলে রাসেল মিয়ার মালিকানাধীন ‘আরজু ভিলা’য় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আরজু ভিলার চারতলা ভবন থেকে হঠাৎ এক নারী নিচে লাফিয়ে পড়েন। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা আরও জানান, ঘটনার সময় ওই বাসার ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। বাসার লোকজন বাহিরে অবস্থানকালে ঘরের ভেতর থেকে অদ্ভুত শব্দের বিষয়টি পাশের বাড়ির বাসিন্দারা ফোনে জানালে তারা দ্রুত ফিরে আসেন। তাৎক্ষণিকভাবে মৃত নারী ও সাথে থাকা যুবকের পূর্ণাঙ্গ পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো; সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই নারী ও এক পুরুষ অনলাইন অ্যাপসের মাধ্যমে ফার্নিচারসহ ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা ঘটনা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় সাথে থাকা যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।