২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১৭ অক্টো ২০২৬ ০৯:১০
মৌলভীবাজার প্রতিনিধি:- মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৬০০ স্থায়ী নারী চা-শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ কার্যক্রমের আওতায় শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব রেইনকোট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী চা-শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোয়ার্দার আশিফ ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের একান্ত সচিব নজমুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, সাবেক চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত এবং ফুলতলা ইউনিয়ন বিএনপির নেতা ইমতিয়াজ গফুর মারুফসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চা-বাগানে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়া থেকে সুরক্ষা দেওয়া এবং তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মধ্যে বেসরকারি খাতের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় চা-শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
Helpline - +88 01719305766