|
প্রকাশিত:Wednesday, 21 Sep 2022 06:09
গোলাপগঞ্জ প্রতিনিধি:- গোলাপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির এক নেতাকে সাময়িক বহিস্কার এবং উপজেলা ও পৌর বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করেছে সিলেট জেলা বিএনপি।
গত সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক পত্রে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলালকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গঠনতন্ত্র মোতাবেক দলের সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
এছাড়াও পৃথক পৃথক পত্রে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন আহমদ এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে বিএনপি’র গঠনতন্ত্র মোতাবেক দলের সকল পর্যায়ের পদ থেকে কেন সাময়িক বহিষ্কার করা হবে না? তার কারণ ৭ দিনের মধ্যে সিলেট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণের জন্য বলা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766